Gangasagar Mela: জ্বর হলেই করোনা পরীক্ষা, গঙ্গাসাগর মেলায় থাকবে ক্যাম্প
করোনায় আক্রান্ত হওয়ার গ্রাফ ফের বাড়ছে দেশে। বছরের বিদায়বেলায় চোখ রাঙাচ্ছে করোনা। সামনেই গঙ্গাসাগর মেলা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও বিষয়টির দিকে নজর রাখছে। পূর্ণার্থীদের জ্বর হলেই ব্যবস্থা নেওয়া হবে।
কলকাতার বাবুঘাটে গঙ্গাসাগরের পূণ্যার্থীরা প্রথমে আসেন। সেখানে মেলা চলে। তারপর গঙ্গাসাগরের দিকে যাত্রা করেন তারা। এবার বাবুঘাটেই করোনা পরীক্ষার জন্য ক্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে। জ্বর হলেই করোনা পরীক্ষা হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

বাবুঘাটে করোনা পরীক্ষার জন্য ব্যবস্থা থাকবে। গঙ্গাসাগরেও এই ব্যবস্থা রাখা হবে। বাবুঘাটে আসা পূণ্যার্থীদের মধ্যে কারোর জ্বর হচ্ছে কি না নজর রাখা হবে। অন্যান্য উপসর্গ রয়েছে কি? তাও দেখা হবে। জ্বর হলে করোনা পরীক্ষা হবে। প্রয়োজনে হাসপাতালে পাঠানো হবে বলেও খবর৷
কলকাতার বেলেঘাটা আইডি, বাঙুর হাসপাতালে নির্দেশ দেওয়া হয়েছে। বেডের ব্যবস্থা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসক ও নার্সদের সজাগ থাকতে বলা হয়েছে। বাইরের রাজ্য থেকে লাখো লাখো মানুষ আসবে। তাই নজর আরও বেশি করে রাখা হচ্ছে৷
শুক্রবার মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে পুর প্রশাসনের একটি বৈঠক হয় কলকাতা পুর সংস্থার কনফারেন্স রুমে। বৈঠকে হাজির ছিলেন মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার, পুর কমিশনার বিনোদ কুমার, সচিব হরিহর প্রসাদ মণ্ডল, বিভাগীয় ডি জি সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
গঙ্গাসাগর মেলায় কোভিড টেস্টিং ব্যাবস্থা রাখা হবে। যদি কেউ পজিটিভ হয়, তাহলে তাকে বেলেঘাটা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে। আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। করোনা কোনওদিন যায়নি। আগেও করোনা ছিল। এখনও করোনা আছে। এমনই বক্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের।
গঙ্গাসাগর মেলায় নিষিদ্ধ করা হল প্লাস্টিক। কোনও রকমের প্লাস্টিক নিয়ে যাওয়া যাবে না বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী প্লাস্টিক বর্জন করার আবেদন জানানো হয়েছে। পর্যাপ্ত সংখ্যায় সিসিটিভির ব্যবস্থা থাকছে।












Click it and Unblock the Notifications