দলে দুর্নীতি-ভোট লুট নিয়ে সরব! রেকর্ড ভোটে জেতা তৃণমূল বিধায়ককে নিয়ে 'অসন্তোষ'
দলে দুর্নীতি-ভোট লুট নিয়ে সরব! রেকর্ড ভোটে জেতা তৃণমূল বিধায়ককে নিয়ে 'অসন্তোষ'
দলের দুর্নীতিগ্রস্ত কর্মীদের বিরুদ্ধে মুখ খুললেন শাসকদলের বিধায়ক। শুধু তাই নয় বিভিন্ন সময়ে পঞ্চায়েত ভোটে যে ভোট লুটের অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে, দলের কর্মী সম্মেলনে তা নিয়েও সরব হলেন বিধায়ক। যদিও ২০২১-এর বিধানসভা উপনির্বাচনে রেকর্ড ভোটে জেতা তৃণমূল বিধায়ককে নিয়ে দলের অভ্যন্তরেই অসন্তোষের বাতাবরণ।

দুর্নীতি নিয়ে সরব তৃণমূল বিধায়ক
গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল লাহেড়িপুরের একটি কর্মী সম্মেলনের বক্তব্য রাখতে গিয়ে দলীয় কর্মীদের একাংশের বিরুদ্ধে বলেন, ভোটের আগে তিনি বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ঠিকাদারি ও রাজনীতি একসঙ্গে সম্ভব নয়। তিনি তা করতে দেবেন না। দলের একাংশ বিভিন্ন প্রকল্পের টাকা মানুষের কাছ থেকে জোর নিয়ে নিচ্ছে। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময় দলের একাংশ কর্মীরাই ফুলে ফেঁপে উঠছেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। অথচ সাধারণ মানুষ থেকে যাচ্ছে বঞ্চিত। বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা গ্রামের মানুষকে দিয়ে বলছে এসব তারাই করছে। সরকারি প্রকল্পের টাকা কারও বাপের ঘরের টাকা নয়। সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই টাকা বাস্তবায়িত হয়। অথচ সেই টাকা নিয়ে যেভাবে দুর্নীতি হচ্ছে তা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। আর এই সমস্ত নেতাদের জন্যই সাধারণ মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

ভোট লুট নিয়েও সরব
তিনি আরও বলেছেন, কোনও মানুষ জন্ম থেকেই একটি রাজনৈতিক দলের সমর্থক হয়ে জন্মায় না। মানুষের ব্যবহার দলের কর্মপদ্ধতি এবং আদর্শ উদ্বুদ্ধ হয়ে মানুষ সেই রাজনৈতিক দলের সমর্থক হন। অথচ পঞ্চায়েত ভোটে ভোট লুট করে জিততে হচ্ছে তৃণমূলের বেশ কিছু নেতা-কর্মীকে। তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৮ সালের পঞ্চায়েতে ভোট লুটের কুফল তৃণমূল ২০১৯-র লোকসভায় পেয়েছে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মেরে কেটে ভোট করে পঞ্চায়েত ভোট হবে না। তিনি (বিধায়ক) বলছেন, পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষ নিজের ভোট নিজে দেবেন। মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে। মানুষের বাক স্বাধীনতার অধিকার ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেন বিধায়ক। এলাকার নেতাদের জন্যই লোক তৃণমূলের প্রতি বিরূপ বলেও মন্তব্য করেন তিনি। মানুষ তৃণমূলের নেতা-কর্মীদের দুর্ব্যবহারে দল থেকে দূরে সরে যাচ্ছে।

সাধারণ মানুষকে প্রতিশ্রুতি, চক্রান্তের অভিযোগ
গোসাবার বিধায়ক বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিভিন্ন প্রকল্পকে মানুষের সামনে উপস্থিত করেছেন। অথচ সেই সমস্ত প্রকল্প নিয়ে দলের একাংশে নেতাদের দুর্নীতির কারণে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। তাই টাকার বিনিময়ে কোনও বেআইনি কাজ তিনি করতে দেবেন না বলেও জানিয়ে দেন। পাশাপাশি তিনি এলাকার সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনও দুর্নীতিগ্রস্ত মানুষের কাছে মাথা নত করবেন না। মানুষকে কারও কাছে দাসত্ব খাটতে দেবেন না । মানুষকে কারও বাড়ির চাকর বাকর ভাবতে দেবেন না। মানুষের অধিকার ফিরিয়ে দেবেন তিনি। বিধায়ক সুব্রত মণ্ডল অভিযোগ করে বলেন, এইসব দুর্নীতিগ্রস্ত মানুষরাই তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে বিভিন্নভাবে। যে যেভাবে চক্রান্ত করুক না কেন সত্যের জয় হবেই বলেছেন তিনি।

তৃণমূলে 'গোষ্ঠীদ্বন্দ্ব'
দলের একাংশের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন গোসাবার তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডল। আর তা নিয়েই এলাকায় তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার নিয়েছে। বিভিন্ন কর্মীসভায় দলের একাংশ সুব্রত মণ্ডলের বিরুদ্ধেও তোপ দাগছেন। এব্যাপারে বিধায়ক বলছেন, দল যদি তাঁর মন্তব্যের জন্য কোনও শাস্তি দেয় তাহলে তা মাথা পেতে মেনে নেব। কিন্তু এই সব দুর্নীতিগ্রস্ত নেতাদের সঙ্গে কোনও রকম সমঝোতা তিনি করবেন না।












Click it and Unblock the Notifications