শেকলে বাঁধা প্রাণীর ছবি পোস্ট, বিপাকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, নোটিস বন্যপ্রাণী সুরক্ষা বিভাগের
শেকলে বাঁধা প্রাণীর ছবি পোস্ট, বিপাকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, নোটিস বন্যপ্রাণী সুরক্ষা বিভাগের
রীতিমতো বিপাকে পড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। শ্রাবন্তী সম্প্রতি সোশ।আল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁকে দেখা গিয়েছে শেকলে বাঁধা একটি ছোট্ট বেজিকে ধরে রয়েছেন তিনি। এরপরই তাঁকে বন্যপ্রাণী আধিকারিকেরা ১৫ ফেব্রুয়ারি নোটিস পাঠান। যদি শাস্তি হয়, তবে শ্রাবন্তীকে সাত বছরের জন্য কারাগারে থাকতে হবে।

শ্রাবন্তী চ্যাটার্জিকে বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২–এর ধারা ৯,১১, ৩৯, ৪৮এ, ৪৯ এবং ৪৯এ এর অধীনে মামলা করা হয়েছে, যা অরণ্য এবং প্রাণীর প্রজাতিকে আটক করা থেকে রক্ষা করার জন্য, তাদের বেআইনিভাবে পাচার এবং দখল রোধ করার জন্য তৈরি হয়েছে। শ্রাবন্তীকে কলকাতার সল্টলেকের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল এবং ডেটা ম্যানেজমেন্ট ইউনিটের অফিসে হাজির হতে বলা হয়েছে। ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকেই শ্রাবন্তী শেকলবন্দী এক বেজির ছবি পোস্ট করেছিলেন তাঁর ইনস্টাগ্রাম পোস্টে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে শ্রাবন্তী চট্টোপাধ্যায় গোটা ঘটনা নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, 'গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে তাই আমি এ বিষয়ে কোনও মন্তব্য করতে পারব না।’ শ্রাবন্তীর আইনজীবী এসকে হাবিব উদ্দীন জানিয়েছেন যে তাঁরা বন্যপ্রাণী সুরক্ষা আধিকারিকদের সঙ্গে শীঘ্রই দেখা করবেন এবং তারপরই স্পষ্ট ছবি ধরা পড়বে এই ঘটনায়।
এই ঘটনা প্রসঙ্গে এক শীর্ষ বন্যপ্রাণী বিভাগের আধিকারিক বলেন, 'এটি শুধুমাত্র নির্ধারিত এবং সুরক্ষিত বন্য প্রাণীদের ধরা একটি অপরাধ নয়, তবে তাঁর মতো একজন প্রভাবশালী ব্যক্তিত্ব এই ধরনের কাজে জড়িত থাকলে তিনি অন্যদেরও ভুল করতে প্রভাবিত করতে পারেন। তাঁর আমাদের তদন্তে সহায়তা করা উচিত এবং বন্যপ্রাণীকে রক্ষা করতে আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত।’












Click it and Unblock the Notifications