পোস্টারে তারকাদের ভিড়! মানসীর ‘৫ নং স্বপ্নময় লেন’-এ অর্জুন-অন্বেষা-অপরাজিতা
অভিনেত্রী হিসাবে দর্শকের কাছে ভালোবাসা পেয়েছেন অগাধ। তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। এবার স্বাদ বদলানোর পালা। তাই অভিনয় জীবন থেকে একটু বেরিয়ে পরিচালনার কাজে মন দিয়েছেন অভিনেত্রী মানসী সিনহা।
চলতি বছরের এপ্রিল মাসে মুক্তি পেয়েছিল তাঁর পরিচালিত প্রথম ছবি 'এটা আমাদের গল্প'। ছবিটি মুক্তির পর অল্পদিনের মধ্যেই দর্শকের প্রিয় হয়ে উঠেছিল। এবার আরও একটি নতুন ছবি দর্শকবৃন্দকে উপহার দিতে চলেছেন পরিচালক মানসী সিনহা। আসছে তাঁর নতুন ছবি '৫ নং স্বপ্নময় লেন'।

শুভঙ্কর মিত্রের ধাগা প্রোডাকশনের প্রযোজনায় টলিপাড়ার একঝাঁক তারকাদের নিয়ে তৈরি হয়েছে '৫ নং স্বপ্নময় লেন'। অক্টোবরেই প্রকাশ্যে এসেছে এই ছবির ফার্স্ট লুক। এবার প্রকাশ পেল এই ছবির নতুন পোস্টার। যা ইতিমধ্যেই দর্শকের মনে কৌতূহল বাড়িয়েছে।
যে মানুষেরা পরিস্থিতির চাপে একা থাকতে বাধ্য হন, সেই মানুষদের নিয়েই গল্প সাজিয়েছেন পরিচালক মানসী সিনহা। যাঁরা একা থাকতে চান না, একা থাকাটা যাঁরা কিছুতেই পছন্দ করেন না, এই ছবির গল্পটা আসলে তাঁদের। আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে '৫ নং স্বপ্নময় লেন'।
পরিচালক মানসী সিনহার দ্বিতীয় ছবি '৫ নম্বর স্বপ্নময় লেন'-এ প্রধান চরিত্রগুলিতে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, চন্দন সেন, অর্জুন চক্রবর্তী, অন্বেষা হাজরা, পায়েল মুখোপাধ্যায়, সায়ন শুভ্র ভট্টাচার্য, ফাল্গুনী চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।
'৫ নম্বর স্বপ্নময় লেন' প্রসঙ্গে পরিচালক মানসী সিনহা বলেন, 'আমি বিশ্বাস করি কোনও ছবির গল্পই হল ছবিটির আসল নায়িকা। দর্শকরা এখনও একটি ভালো গল্পের আশা নিয়ে প্রেক্ষাগৃহে যান। আমার প্রথম ছবি 'এটা আমাদের গল্প' যখন মুক্তি পেল, এই বিষয়টা আমি তখনই বুঝেছি। আমি এবং আমার গোটা টিম এটা বিশ্বাস করি, যেসকল দর্শক টানটান উত্তেজনা সহ ভালো গল্প দেখতে পছন্দ করেন '৫নং স্বপ্নময় লেন' তাঁদের ভালো লাগবে'।
অভিনেত্রী অপরাজিতা আঢ্য এই ছবির প্রসঙ্গে বলেন, 'পরিচালক মানসী সিনহা এবং ধাগা প্রোডাকশনের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। আজকের এই দ্রুতগতিতে ছুটে চলা বিশ্বে, আমরা প্রায়শই সম্পর্ক, বাড়ি এবং আমাদের আকাঙ্ক্ষার সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলি। ক্রমাগত একটি সুখী, পরিপূর্ণ জীবনের ধারণার পিছনে ছুটছি।
কিন্তু প্রায়শই, জীবন আমাদের অতিক্রম করে যায়। এদিকে, আমরা কখনও কখনও আটকে যাই। থেমে যাই। এই ছবিটি এমনই এক হৃদয়গ্রাহী গল্প বলে। কীভাবে আমরা আমাদের প্রিয়জনদের কাছে রেখে এবং যে ভালোবাসা আমাদের টিকিয়ে রাখে তাকে যত্ন করে সত্যিকারের তৃপ্তি পেতে পারি। এই গল্প সেই দৃশ্যই ফুটিয়ে তুলবে বড়পর্দায়। আমি আশা করি, সহজেই দর্শকবৃন্দের মন জয় করে নিতে পারবে মানসী সিনহার এই ছবিটিও'।












Click it and Unblock the Notifications