‘হায় রে বিয়ে হল কেনে’? ‘খাদান’-এর গানে নজর কাড়ল দেব-যিশুর যুগলবন্দি
প্রকাশ্যে এল দেব অভিনীত 'খাদান' সিনেমার নতুন গান 'হায় রে বিয়ে হল কেনে'? সঙ্গীত শিল্পী অভিজিৎ ভট্টাচার্যের কণ্ঠে এই গান ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে নেটদুনিয়ায়। এরই পাশাপাশি নজর কাড়ল দেব ও যিশুর যুগলবন্দি। সদ্য প্রকাশিত এই গানের ভিডিওটিতে অন্য লুকে দেখা গেল দেবকে। যিশুরও এই রূপ এর আগে সেভাবে দেখেননি দর্শক। এই গানের ভিডিওটিতে ঢোল বাজাতে দেখা গেল যিশুকে। 'হায় রে বিয়ে হল কেনে', গানে দেব,যিশু, স্নেহা ও বরখার নাচ বিশেষভাবে আকর্ষণ করেছে দর্শকবৃন্দকে।
লাল পোশাকে দেবের নাচ দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। এই গানটি আসলে আদ্যোপান্ত একটি বিয়ের, অনুষ্ঠানের গান। জমাটি, নাচের গানও বলা যায়। তবে কার বিয়েতে দেব, যিশু এবং তাঁদের দুজনের স্ত্রী অর্থাৎ বরখা বিস্ত এবং স্নেহা বসু নাচ করছেন সেটা ভিডিয়ো দেখে স্পষ্ট হয়নি। তবে দুই অভিনেত্রীকে লাল শাড়ি, ব্লাউজ পরে, খোঁপায় ফুল লাগিয়ে জমিয়ে নাচতে দেখা গেল ভিডিয়োতে। বাদ যাননি দেবও।

ছবি সৌজন্য- দেব/ instagram
এর আগেই মুক্তি পেয়েছিল 'খাদান'-এর আরও একটি গান 'রাজার রাজা এল'। অরিজিৎ সিং ও দেবের কণ্ঠে এই গানটি প্রায় পাঁচ লক্ষ দর্শকের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে। 'রাজার রাজা এল' গানটি মুক্তি পাওয়ার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন দেব ভক্তরা। বহুবছর পর আবারও দেবকে পুরোনো, চেনা মেজাজে ফিরতে দেখে খুশি হয়েছিলেন তাঁর অনুরাগীরা।
আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'খাদান'। ছবিটি পরিচালনা করেছেন সুজিত দত্ত। দেবের সঙ্গে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে যিশু সেনগুপ্ত, বরখা বিস্ত, স্নেহা বসু, অনির্বান চক্রবর্তী, ইধিকা পাল সহ আরও অনেককে। সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্টের প্রযোজনায় আসছে ছবিটি। পুজোয় সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেয়েছিল দেব অভিনীত 'টেক্কা'। পুজোয় বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে এই ছবি। এবার বড়দিনের মুখেই মুক্তি পেতে চলেছে দেব অভিনীত ছবি 'খাদান'। এই ছবিটি বক্স অফিসে কত ব্যবসা করতে পারে সেটাই এবার দেখে নেওয়ার পালা।












Click it and Unblock the Notifications