সুশান্ত সিং রাজপুত মৃত্যুবার্ষিকী: অভিনেতার মৃত্যুতে শিল্পীদের আবেগ বাঁধ ভেঙেছিল
অভিনেতার মৃত্যুতে শিল্পীদের আবেগ বাঁধ ভেঙেছিল
২০২০ সাল। করোনা ভাইরাস মহামারির কোপে নাজেহাল গোটা বিশ্ব। ওই বছরের ১৪ জুন ভারতীয় সিনেমা তথা বলিউড হারালো এক প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে। মুম্বইয়ের ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়, সুশান্তের আচমকা মৃত্যুতে গোটা দেশ শোকস্তব্ধ হয়ে যায়। বলিউডও কোনওভাবে এই মৃত্যুকে মেনে নিতে পারেনি যদিও বলিউডকেই এই মৃত্যুর জন্য দায়ি করা হয়। তবে সুশান্তের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়া জুড়ে মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা জোর কদমে শুরু হয়ে যায়। যদিও এই রহস্যজনক মৃত্যু ক্রমেই খারাপের দিকেই মোড় নেয় শেষ কয়েক মাস। গত বছর সুশান্তের মৃত্যু সত্যিই এক রহস্যের জন্ম দেয়। একদিকে স্বজন পোষণের অভিযোগ তো অন্যদিকে বলিউডের মাদক যোগ যুক্ত হয়ে পড়ে। যার ফলে বহু বলিউড অভিনেতা–অভিনেত্রীরা জড়িয়ে পড়ে সুশান্তের মৃত্যুর সঙ্গে। তবে দেশজুড়ে বিভিন্ন ক্ষেত্রের শিল্পীরা তাঁদের কাজের মধ্য দিয়ে তরুণ এই প্রতিভাকে মনে রেখেছেন। সুশান্তের মৃত্যুর এক বছর পর প্রিয় অভিনেতাকে এই শিল্পীরা তাঁদের মতো করে শ্রদ্ধা জানালেন।

সুশান্তের মোমের মূর্তি
২০২০ সালের জুন মাসে কলকাতার ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় প্রয়াত অভিনেতার মোমের মূর্তি তৈরি করেন। তিনি জানিয়েছিলেন যে তিনি প্রায় ২২ কেজির মোমের মূর্তি তৈরি করেছেন। এর জন্য তাঁর প্রয়োজন হয়েছিল ১০ থেকে ১২ কিলো মোম, কাঠামো তৈরির জন্য লোহার রড, চুল, ভুরু ও চোখের পলকের জন্য আলাদা উপাদান ও অন্যান্য জিনিস। শিল্পী সুশান্ত বলেন, 'আমি কখনও সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দেখা করিনি। আমি তাঁর ছবি দেখে এই মোমের মূর্তি গড়ে তুলেছি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই মূর্তি তৈরি হয়েছে, তাই তাঁর মাপ নিয়ে এই মূর্তি তৈরির মতো প্রশ্ন ওঠার কোনও সুযোগ নেই। এই মোমের মূর্তির উচ্চতা ৫ ফিট ১০ ইঞ্চি, ছাতি ৩৪ ইঞ্চি এবং ওজন প্রায় ২২ কেজির মতো।' ৬৪ বছরের বৃদ্ধ শিল্পী বলেন, 'আমি আমার প্রথম নাম সুশান্তের সঙ্গে ভাগ করে নিয়েছি এবং আমরা উভয়ই শিল্পী। আমি ভাস্কর্য শিল্পী ও তিনি অভিনেতা। তাঁর মূর্তি তৈরির সময় এভাবে আমরা একে-অপরের সঙ্গে সংযুক্ত হই। কারণ যদি আপনি কোনও ব্যক্তির মূর্তি তৈরি করার সময় সেই ব্যক্তির চরিত্রের মধ্যে না প্রবেশ করেন তবে আপনি এতে প্রাণ আনতে পারবেন না।'

পোষ্যদের প্রতি সুশান্তের আবেগ
গত বছরের ওই একই মাসে আরও একটি ছবি দারুণভাবে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে সুশান্ত সিং তাঁর পোষ্য ল্যাব্রাডার ফাজের কাছে এসেছেন, যে তার মালিকের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছিল। সুশান্তের মৃত্যুর পর তাঁর পোষ্য ফাজের ছবি ও ভিডিও ভাইরাল হয়, যেখানে সে তার মালিকের জন্য অপেক্ষা করছে বিষাদ মনে। এরপরই কলকাতার শিল্পী শ্রীতম ব্যানার্জি এই ছবি তৈরি করেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পরে শিল্পী তাঁর প্রয়াত অভিনেতার প্রতি আকর্ষণের কথা জানান। তিনি বলেন, 'আমি তাঁর (সুশান্ত) ভক্তদের ঊর্ধ্বে। এখানে ভক্ত শব্দটা যথাযথ নয়। আমার কাছে তিনি একটা আবেগ। আমি কোথাও যেন একটা সুশান্তের সঙ্গে নিজেকে খুব দৃঢ়ভাবে যোগ করতে পারি। আমার এখনও বিশ্বাস হয় না। অভাবনীয়!'

বালি শিল্পীর শ্রদ্ধা এসএসআরকে
অভিনেতার মৃত্যুর পর পুরীতে বালি শিল্পী মানস কুমার সাহু তাঁর মন ছুঁয়ে যাওয়া বালি শিল্পের মধ্য দিয়ে সুশান্ত সিং রাজপুতকে শ্রদ্ধা জানিয়েছিলেন। সুশান্তের সুন্দর হাসির ছবি আঁকার পর তিনি সেখানে কিছু মোমবাতি জ্বালান এবং অন্যদিকে লেখেন, 'সুশান্ত সিং রাজপুতকে শ্রদ্ধা জানালাম।' একইভাবে জনপ্রিয় বালি শিল্পী ও পদ্মশ্রী খ্যাত সুদর্শন পট্টনায়েকও বালি শিল্পের মাধ্যমে প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছিলেন, যার ভিডিও শীঘ্রই ভাইরাল হয়।

সুশান্তের মুখের আদলে কার্তিক ঠাকুর
গত বছরের সেপ্টেম্বরে আর এক কলকাতার শিল্পী মানস রাই সুশান্ত সিং রাজপুতের মুখের আদলে তৈরি করেন কার্তিক ঠাকুরের মূর্তি। সাংবাদিক সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, 'সুশান্ত সিং রাজপুত খুব ভালো একজন শিল্পী ছিলেন। তাঁর হয়ত অনেক কিছু দেওয়া বাকি ছিল কিন্তু দুঃখের খবর তিনি মারা গেলেন। যদি কার্তিক ঠাকুরের ওপর কোনও ছবি বানানো হয় তবে সুশান্ত সিং হতেন প্রথম পছন্দ।' তিনি অবশ্যও এও জানিয়েছিলেন যে এ বছরের কার্তিক ঠাকুরের মুখ অভিনেতার আদলে করে তিনি তাঁকে শ্রদ্ধা জানালেন।

নেপালি শিল্পীদের শ্রদ্ধা প্রয়াত অভিনেতাকে
নভেম্বরে একদল নেপালি শিল্পী, যাঁরা নিজেদেরকে ছাংগা প্রযোজনার বলে দাবি করেন, তাঁরা তাঁদের গানের মধ্য দিয়ে সুশান্তকে শ্রদ্ধা জানান। অভিনেতার বিভিন্ন সিনেমার জনপ্রিয় গানের মাধ্যমেই এই শ্রদ্ধা নিবেদন করা হয়। কেদারনাথ থেকে জান নিসারও, এমএস ধোনি থেকে কউন তুঝে, বেসবারিয়ান, জব তক, রাবতা থেকে ফির কভি, ছিঁচোড়ে থেকে খরিয়াত ও কাল কি বাত এবং কাই পো চে থেকে মাঝা গান গেয়ে ভাইরাল ভিডিওতে সকলের মন জয় করনে তাঁরা। এই ভাইরাল ভিডিও সুশান্তের পরিবার ও বন্ধু-বান্ধবদের কাছেও প্রশংসা পায়।












Click it and Unblock the Notifications