নীল সমুদ্রের ধারে হাতে হাত, প্রথম বিবাহবার্ষিকীতে কোথায় ঘুরতে গেলেন রাঘব ও পরিণীতি?
বলিউড হোক বা টলিউড, বেশ কিছুদিন ধরে উঠে আসছে একের পর এক বিচ্ছেদের খবর। কিন্তু এরই মধ্যে সুখের সংসারের উদাহরণও নেহাত কম নয়। বলিউডের একাধিক পাওয়ার কাপল এর মধ্যে অন্যতম রাঘব ও পরিনীতি। যদিও রাঘব বলিউড নয় বরং রাজনীতির নামি মুখ। তবু অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে তাঁর জুটি ব্যাপক জনপ্রিয় ফ্যান মহলে।
দেখতে দেখতে বিয়ের এক বছর পার করে ফেললেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। কিন্তু এরই মাঝে নানা ঝড় বয়ে গেছে দুজনের জীবনে। গুরুতর চোখের রোগে ভুগেছেন রাঘব। বহুদিন পরিণীতির থেকে দূরে আমেরিকায় থেকে চোখের অপারেশন করেছিলেন। অন্যদিকে, চমকিলা ছবির প্রচারে ব্যস্ত থাকার কারণে পরিণীতি স্বামী রাঘবের দেখভাল ঠিকমতো করতে পারেননি।

তবে এবার সব ব্য়স্ততা থেকে ছুটি নিয়ে নিলেন এই জুটি। বিয়ের এক বছর হতেই সোজা মালদ্বীপে উড়ে গিয়েছেন পরিণীতি ও রাঘব। আর সেখানেই নীল সমুদ্রর পার থেকে নিজের স্যোশাল মিডিয়া সাইটে বেশ কিছু অন্তরঙ্গ ছবি পোস্ট করেছেন পরিণীতি। ইনস্টাগ্রামে মালদ্বীপ ভ্রমণের বেশ কিছু বিশেষ মুহূর্ত গুলি ভাগ করে নিয়েছেন পরিনীতি। এখানে দুজনকে একসঙ্গে কেক কাটতে দেখা গিয়েছে। নির্মল সমুদ্র সৈকতে হাতে হাত ধরে হাঁটা সাইকেল চালানো, সবেতেই ধরা পড়েছে রাঘব ও পরিনীতির অসাধারণ কেমিস্ট্রি।
উল্লেখ্য ২০২৩ সালের মার্চ মাস থেকে পরিণীতি ও রাঘবের প্রেমের গুঞ্জন শোনা যায়। দুজনকে একসঙ্গে রেস্তরাঁ থেকেও বেরোতে দেখা যায়। তাঁদের সম্পর্কের জল্পনা সত্যি হয় ২০২৩ সালের মে মাসে। সেসময়ই পরিণীতি-রাঘবের বাগদান সম্পন্ন হয়। গত বছরেরই ২৪ সেপ্টেম্বর উদয়পুরে রাজকীয় বিয়ে সারেন আপ নেতা ও বলিউডের ইশকজাদে গার্ল।
মাসখানেক আগেই চমকিলা সিনেমায় চমক দেখিয়েছিলেন পরিণীতি চোপড়া। তবে এখন আপ সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে সুখের ঘরকন্নায় ব্যস্ত বলিউড অভিনেত্রী পরিণীতি। ওদিকে দিদি প্রিয়াঙ্কা চোপড়া যখন মার্কিন মুলুকের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেড়াচ্ছেন নিত্যনতুন কাজে, তখন বোন পরিণীতি খানিক থিতু। এবার তাঁর পোস্টে ধরা পড়ল ভালোবাসার ছবি।












Click it and Unblock the Notifications