ছবির মত সাজানো মাহিষ্মতী সাম্রাজ্য, এবার ঘুরে দেখতে পারেন আপনিও
বাহুবলীর মাহিষ্মতী সাম্রাজ্যকে সংরক্ষণ করল রামোজি ফিল্ম সিটি। মাহিষ্মতীর সেটকে পর্যটনকেন্দ্র ঘোষণা করা হয়েছে রামোজি ফিল্ম সিটির পক্ষ থেকে।
ছবির মত সুন্দর একটি রাজ্য। টপ ভিউ যেন ঠিক স্বপ্নের একটি নগরী। এই হল মাহিষ্মতী সাম্রাজ্য। কাল্পনিক এই সাম্রাজ্য এখন দেশের ঘরে ঘরে পরিচিত। এইরকম একটি রাজ্য় ঘুরে দেখতে পারলে বেশ হত, এমন সাধও অনেকেরই আছে। এবার সেই স্বপ্নপূরণ হতেই পারে। পকেটের রেস্ত খসাতে পারলেই হবে। গোটা মাহিষ্মতী রাজ্য পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন আপনিও।

এস এস রাজামৌলির এই ছবির সেটকেই সংরক্ষণ করা হয়েছে রামোজি ফিল্ম সিটিতে। সেইসঙ্গে মাহিষ্মতীর বিশাল সেটকে এখন পর্যটনকেন্দ্র হিসেবেও ঘোষণা করা হয়েছে। ১০০ একরের ওপর এই সেট তৈরি করতে ৬০ কোটি টাকা খরচ হয়েছে, ফলে সেট ঘুরে দেখতে একটু বেশি গাঁটের কড়ি খসাতে হবে তা বলাই বাহুল্য। ফলে রামোজি ফিল্ম সিটিতে ঢুকে মাহিষ্মতী সাম্রাজ্য ঘুরে দেখতে টিকিটের দাম পড়বে ১২৫০ টাকা থেকে ২৩৪৬ টাকা পর্যন্ত।

রামোজি ফিল্ম সিটির ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কাটা যাবে। আপাতত ১৪ই ডিসেম্বর পর্যন্ত বুকিং নেওয়া যাবে। মাহিষ্মতী সাম্রাজ্য় নিয়ে অনেকদিন ধরেই সাধারণ মানুষের উৎসাহ ছিল বলে জানাচ্ছেন রামোজির ফিল্ম সিটির আধিকারিকরা। এমনকী ছবি রিলিজের পরও রামোজিতে ঘুরতে আসা পর্যটকরা মাহিষ্মতী নিয়ে খোঁজ খবর নিচ্ছেন। তারপরই এই বিশাল সেটকে পর্যটনকেন্দ্র ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপরই বাহুবলী টিমের সঙ্গে যোগাযোগ করে রামোজি ফিল্ম সিটির আধিকারিকরা। প্রস্তাব দেওয়া হয় এই সেটকে সংরক্ষণ করার। রামোজি ফিল্ম সিটির এই প্রস্তাবে সানন্দে রাজি হয় বাহুবলী টিম।












Click it and Unblock the Notifications