নান্দনিকতা ও প্যাকেজিংয়ের হিট রেসিপি কৌশিক গঙ্গোপাধ্যায়ের, কৃতিত্বকে কুর্নিশ সিনেমা জগতের
২০১৭ গুডবাই বলার দিকে গুটি গুটি পা বাড়াচ্ছে। কিন্তু এই বছরটা তো বাঙালিকে ভরিয়ে দিয়েছে। বিভিন্ন বাঙালি নিজের নিজের ক্ষেত্রে সাফল্যের নতুন মাইলফলক পার করেছেন।
কৌশিক গঙ্গোপাধ্যায়, বাংলা চলচ্চিত্র জগতে এখন একটা নাম। দীর্ঘদিন ধরে ভিন্নধর্মী ছবি দর্শকদের উপহার দিয়ে চলেছেন তিনি। ২০১৭-য় তার ব্যতিক্রম হল না। এবছরেও বাঙালি দর্শকরা পেলেন মনের মণিকোঠায় রেখে দেওয়ার মতো মুক্তো।

'এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্তো আছে'- বহুল প্রচলিত বাংলা গানের এই কথা যেন কৌশিকের সামনে এসে ভুল প্রমাণিত হয়। বাংলা চলচ্চিত্রে যে অন্যরকম আঙ্গিকে গল্প বলেও দর্শককে টানা যায় তা প্রমাণ করেছেন বাঙালি এই পরিচালকা। তিনি নিজেও অভিনয় করতে পারেন। ফলে তাঁর পরিচালনায় অভিনেতা- অভিনেত্রীরাও সাবলীল দক্ষতা -র প্রকাশ ঘটান। এবারেও তাঁর দুটো ছবি যেমন দর্শকদের মন কেড়ে নিয়েছে, ঠিক তেমনিই বক্স অফিসেও সাফল্য এনে দিয়েছে। এ বছরের দুটি ছবি বিসর্জন এবং ছায়া ও ছবি।

ছায়া ও ছবি -সিনেমার চার -পাঁচটি মূল চরিত্রের পারস্পরিক সম্পর্কের বুনন এবং প্রকৃতির নৈসর্গ দুটোকেই সমান্তরাল ভাবে তুলে ধরেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবিতে উঠে এসেছিল বাল্যপ্রেম, নিরুচ্চার ভালবাসা, পরকীয়া প্রেমের মত আপনার -আমার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় গুলি।

অন্যদিকে জয়া এহসান অভিনীত বিসর্জন ছবিটি বক্স অফিসে সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক ও দেশের বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বহু সম্মানে ভূষিত হয়েছে। গ্রাম বাংলার গল্পকে কীভাবে বড় পর্দায় রূপ দেওয়া সম্ভব তাই তুলে ধরা হয়েছে এই ছবিতে। জাতীয় চলচ্চিত্র উৎসবের প্রাদেশিক ভাষার সেরার সম্মান যেমন পেয়েছে, তেমনি গোয়া চলচ্চিত্র উৎসবেও এই ছবির কলাকুশলীদের বিশেষ সম্মান দেওয়া হয়েছে।
আসলে কৌশিক গঙ্গোপাধ্যায় মানেই এক দারুণ কম্বো, যেখানে রুচিশীল ভাবে সম্পর্কের বুননের ,ওঠাপড়ার গল্পকে একদম ঝকঝকে প্যাকেজিং য়ে দর্শকদের সামনে উপস্থাপন করা হয়। আর সেটাই তাঁর সবচেয়ে বড় সাফল্য। ২০১৭ -র সফল পরিচালক অবশ্য ইতিমধ্যেই নতুন বছরের প্রজেক্ট নিয়ে কাজ করতে শুরু করে দিয়েছেন। প্রাক্তন ছবির হাত ধরে টলিউডে ফেরত এসেছেন ঋতু-বুম্বা জুটি। এবার এই জুটিকে নিয়ে কাজ শুরু করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। দৃষ্টিকোণ ছবিতে অভিজ্ঞ পরিচালকের তুলির টানে নতুন কোন রূপে এই বিখ্যাত জুটিকে পাওয়া যাবে তারজন্য প্রহর গোনা শুরু করে দিয়েছেন কৌশিকের ফ্যান বাংলার দর্শক।












Click it and Unblock the Notifications