সুরে জড়িয়ে আপামর বাঙালি, মুক্তি পেল ‘কলকাতা চলন্তিকা’র প্রথম গান গীতবিতানের দিব্যি
সুরে জড়িয়ে আপামর বাঙালি, মুক্তি পেল ‘কলকাতা চলন্তিকা’র প্রথম গান গীতবিতানের দিব্যি
বাঙালির কাছে গীতবিতানের মাহাত্ম্য অন্য পর্যায়ে। সুখে-দুঃখে, আবেগে-আহ্লাদে বাঙালি বারবার ফিরে আসে এই রবি ঠাকুরের গীতবিতানের কাছে। গীতবিতান ছাড়া বাঙালি কিন্তু অসম্পূর্ণ। আর সোমবার ২২ শে শ্রাবণের আগেই রবিবাসরীয় সন্ধ্যায় পাভেল পরিচালিত কলকাতা চলন্তিকার প্রথম গান মুক্তি পেল। রবিবার নিউটাউনের রবীন্দ্র তীর্থে 'গীতবিতানের দিব্যি' নামক গানটি মুক্তি পায়। ইতিমধ্যেই পাভেল পরিচালিত 'কলকাতা চলন্তিকা'-র ট্রেলার বেশ সাড়া ফেলেছে। এবার সেই ছবির প্রথম গান 'গীতবিতানের দিব্যি' প্রকাশ্যে।

'গীতবিতানের দিব্যি তোমায় ভীষণ ভালবাসি..'। গানের কথা লিখেছেন পরিচালক পাভেল নিজে আর সুর দিয়েছেন রণজয় ভট্টাচার্য। গানের কথার মধ্যেই জড়িয়ে রয়েছে গোটা বাঙালি জাতি। গীতবিতান, বন্ধু, যুক্ত-তর্ক, সাঁতরাগাছি থেকে হুমায়ুন আহমেদের হিমু সব উঠে এসেছে গানের কথায়। আর এই সুন্দর গানটি গেয়েছেন পৃথা চট্টোপাধ্যায়। গানের ভিডিও দেখলেই বুঝবেন সেখানেও রয়েছে একরাশ প্রেমের ছোঁয়া।
২০১৬ সালে পোস্তা উড়ালপুলের দুর্ঘটনার বিভীষিকাময় স্মৃতি এখনও দগদগে বাঙালির মনে। আর এমনই এক সংবেদনশীল বিষয় নিয়ে সিনেমা করার সাহস দেখিয়েছেন পাভেল। সেই বিপর্যয়ের ঠিক আগের মুহূর্ত কেমন ছিল? পরে কী হল? সব উঠে আসবে কলকাতা চলন্তিকা-য়। তিন দিনের শহর কলকাতার গল্প দেখা যাবে ছবিতে। ছবিতে একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে ইশা সাহাকে।
এই প্রথম ট্রাফিক পুলিশের চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য। জুটি বাঁধছেন দিতিপ্রিয়া রায় ও কিরণ দত্ত। এছাড়াও অভিনয় করেছেন সৌরভ দাস, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী ও অনামিকা সাহা। পাভেল নিজেও অভিনয় করেছেন। আগামী ২৫ অগাস্ট বড় পর্দায় মুক্তি পাবে 'কলকাতা চলন্তিকা'।












Click it and Unblock the Notifications