জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া টলিউডে
বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় এদিন প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। এদিন সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসপাতাল সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই অভিনেতা।

১৯৬৩ সালে ২৩মে জয়ের জন্ম। নাগমতি, চপার, হীরক জয়ন্তী, মিলন তিথির মতো সিনেমায় অভিনয় করে জয় বাঙালি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও পরে যোগ দেন তিনি। জয় বন্দ্যোপাধ্যায় একসময় বিজেপির রাজ্য কমিটির সদস্য ছিলেন। কলকাতার তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুণমুগ্ধ ছিলেন তিনি। রাজ্য নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়লেও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা অটুট ছিল জয়ের। যদিও শেষজীবনে তাঁকে শারীরিক অসুস্থতা হোক অথবা অন্য কোনও কারণে, রাজনীতির ময়দানে খুব বেশি সক্রিয় থাকতে দেখা যায়নি।
২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয় বন্দ্যোপাধ্যায় বীরভূম ও উলুবেড়িয়া লোকসভা আসনে বিজেপি হয়ে লড়াই করেছিলেন।












Click it and Unblock the Notifications