শ্যামবাজারে রাত দখলে ঋতুপর্ণাকে হেনস্থা, প্রতিবাদ উঠছে টলিউড থেকে
আরজি কর কাণ্ডে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত হেনস্থার মুখে পড়েছেন। গতকাল বুধবার রাতে শ্যামবাজার গিয়েছিলেন অভিনেত্রী। প্রতিবাদীদের সঙ্গে তিনিও সামিল হতে চেয়েছিলেন। কিন্তু তাঁর ইচ্ছা বাস্তবায়িত হয়নি। বরং তাঁকে 'গো ব্যাক' স্লোগান দেওয়া হয়। রীতিমতো হেনস্থার শিকার হন অভিনেত্রী। সেই ঘটনার পরে টলিউড ইন্ডাস্ট্রিতে ক্ষোভ দেখা দিয়েছে।
ঋতুপর্ণার পাশে দাঁড়িয়েছেন টলিউডের একাধিক পরিচালক, অভিনেতা-অভিনেত্রী। অভিনেত্রী সুদীপ্ত চক্রবর্তী বরাবর এই আন্দোলনের পক্ষে সওয়াল করেছেন। কিন্তু শ্যামবাজারের ঘটনায় তিনিও পাশে দাঁড়িয়েছেন ঋতুপর্ণার। গো ব্যাক স্লোগান দেওয়ার পরে ঋতুপর্ণা চলে যাচ্ছিলেন। কিন্তু তারপর গাড়ির উপর চড়াও হল একদল বিক্ষোভকারী। এই ঘটনা কি ঠিক? প্রশ্ন তুলেছেন তিনি।

নারীর অধিকার ও বিচারের দাবিতে এই আন্দোলন চলছে। সেখানে আরেক জন নারীকেই হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে। মহিলাদের নিরাপত্তার জন্যই রাত দখল অভিযান। কিন্তু সেখানে একজন মহিলাকে হেনস্থার মুখে পড়তে হচ্ছে। সে কথাও সোশ্যাল মিডিয়া লিখেছেন সুদীপ্তা।
অভিনেতা পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় ঋতুপর্ণার পাশে দাঁড়িয়েছেন। সকলে আন্দোলনে শামিল হতে পারেন। কেউ কাউকে আটকাতে পারেন না। ঋতুপর্ণার সঙ্গে ঘটা আচরণের তীব্র নিন্দা করেছেন তিনি। জিতু কামাল লিখেছেন, " এটা ঠিক হচ্ছে না। দয়া করে এগুলো করে অতি উৎসাহ দেখাবেন না। সৌরভ পালোধীও শ্যামবাজারের ঘটনার তীব্র নিন্দা করেছেন।
অনন্যা চট্টোপাধ্যায় সহ টলিউড শিল্পী, অন্যান্যরাও ঘটনার প্রতিবাদ করছেন। গতকাল রাতে শ্যামবাজারে পৌঁছেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁকে দেখেই ভিড়ের একটা অংশ ক্ষেপে যায়। তাঁর দিকে তেড়ে আসে বলে অভিযোগ।
'গো ব্যাক' স্লোগান তোলা হয়। অভিনেত্রী গাড়িতে উঠে যান। কিন্তু তারপরেও বিক্ষোভকারীদের দমানো যায় না। গাড়ির উপর একের পর এক হাতের চাপড় পড়তে থাকে। গাড়ি ঘিরে রেখেছিল উত্তেজিত জনতা। জলের বোতল দিয়েও গাড়িতে আঘাত করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় অভিনেত্রী স্তম্ভিত। তিনি যথেষ্ট ভয় পেয়েছেন বলে খবর। কেন শ্যামবাজারে এই ঘটনা ঘটল? সেই প্রশ্ন উঠছে।












Click it and Unblock the Notifications