৩০ কোটি টাকার জালিয়াতি মামলায় ফিল্ম পরিচালক বিক্রম ভাট গ্রেফতার
উদয়পুরের জনৈক অজয় মুরদিয়াকে ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগে সিনেমা নির্মাতা বিক্রম ভাট এবং তার স্ত্রী শ্বেতাম্বরী ভাটসহ মোট আটজনকে অভিযুক্ত করা হয়েছে। রবিবার রাজস্থান ও মুম্বই পুলিশের যৌথ অভিযানে মুম্বই থেকে এই জনপ্রিয় পরিচালক ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। যা সিনেমা মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মুম্বইয়ের ইয়ারি রোডে ভাটের শ্যালিকার বাড়ি থেকে এই গ্রেফতার করা হয়। রাজস্থানের উদয়পুরে নথিভুক্ত ৩০ কোটি টাকার একটি প্রতারণার মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। মুরদিয়া, যিনি ইন্দিরা গ্রুপ অফ কোম্পানিজের প্রতিষ্ঠাতা, তিনি এই প্রতারণার শিকার বলে দাবি করেছেন।

উদয়পুরের ভূপালপুরা থানায় দায়ের করা এফআইআর অনুযায়ী মুরদিয়া অভিযোগ করেছেন যে নির্মাতা ভাট এবং তার সহযোগীরা তাকে চারটি ছবিতে ৩০ কোটি টাকার বেশি বিনিয়োগ করার প্রলোভন দেখিয়েছিলেন। এই বিনিয়োগের বিনিময়ে ২০০ কোটি টাকা পর্যন্ত ব্যাপক লাভের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এমনকী, এই ছবিগুলির মধ্যে একটি মুরদিয়ার প্রয়াত স্ত্রীর প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে বায়োপিক তৈরির কথা ছিল।
এফআইআর-এ অভিযুক্ত আটজনের নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে বিক্রম ভাট, তার স্ত্রী শ্বেতাম্বরী, মেয়ে কৃষ্ণা, উদয়পুরের স্থানীয় বাসিন্দা দীনেশ কাটারিয়া এবং সহ-প্রযোজক মাহবুব আনসারি অন্যতম। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ইন্দিরা আইভিএফ হাসপাতালের মালিক মুরদিয়া তাঁর প্রয়াত স্ত্রীকে নিয়ে ছবি বানাতে চেয়েছিলেন।
পুলিশের মতে, “মুরদিয়াকে ২০০ কোটি টাকা আয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু কিছুই বাস্তবায়িত হয়নি। এরপরই তিনি উদয়পুরের ভূপালপুরা থানায় প্রতারণা ও অন্যান্য ধারায় মামলা দায়ের করেন।” এই মামলায় রাজস্থান পুলিশ সোমবার বান্দ্রা আদালতে ট্রানজিট রিমান্ডের আবেদন করবে।
এর আগে, উদয়পুর পুলিশ পরিচালক ভাট, তার স্ত্রী ও অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে একটি লুকআউট নোটিশ জারি করেছিল। গত মাসে, বিক্রম ভাট তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছিলেন যে পুলিশকে সম্পূর্ণ ভুল পথে চালিত করা হচ্ছে। তিনি বলেছিলেন, "আমার মনে হয় রাজস্থানের একটি টিভি চ্যানেলে খবর এসেছিল যে আমার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পরে এক সাংবাদিক বন্ধু আমাকে এফআইআরটি পাঠিয়েছিলেন। আমি পুরো এফআইআরটি পড়েছি। সত্যি বলতে কি, আমার মনে হয় রাজস্থান পুলিশকে ভুল বোঝানো হচ্ছে।"
বিক্রম ভাট ১৪ বছর বয়সে মুকুল আনন্দের সহকারী হিসেবে 'কানুন কেয়া করেগা' ছবিতে কাজ করে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। পরবর্তীতে তিনি আমির খান অভিনীত ব্লকবাস্টার হিট ছবি 'গুলাম' সহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য ছবি পরিচালনা করেন। ২০০৮ সালে হরর ঘরানায় ফিরে এসে তিনি '১৯২০', 'শাপিত' এবং 'হান্টেড – থ্রিডি' এর মতো সফল ছবি উপহার দেন।












Click it and Unblock the Notifications