তালিবান–হিন্দুত্ব নিয়ে বিতর্কিত টুইট, স্বরা ভাস্করের বিরুদ্ধে লালবাজারে অভিযোগ দায়ের কলেজ ছাত্রের
তালিবান–হিন্দুত্ব নিয়ে বিতর্কিত টুইট, স্বরা ভাস্করের বিরুদ্ধে লালবাজারে অভিযোগ দায়ের কলেজ ছাত্রের
এবার বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হল। অভিযোগ করলেন শহরের এক কলেজ পড়ুয়া। প্রসঙ্গত, গত ১৭ অগাস্ট স্বরা টুইটে তালিবান ও হিন্দুত্ব প্রসঙ্গ নিয়ে লেখেন। আর তাতেই ধর্মীয় ভাবাবেগে আঘাত আনার অভিযোগ আনলেন এক কলেজ ছাত্র। তিনি লালবাজারের সাইবার সেলে স্বরার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

রাজ চৌধুরি এই শহরের একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং পার্ক সার্কাসের বাসিন্দা। তিনি স্বরা ভাস্করের বিরুদ্ধে কলকাতা পুলিশের শীর্ষ কর্মকর্তা ও কলকাতা পুলিশের কমিশনারকেও এই চিঠির প্রতিলিপি পাঠিয়েছেন। প্রসঙ্গত, আফগানিস্তান তালিবানদের কবলে চলে যাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সেই দেশকে নিয়ে সকলেই যে যাঁর মতো ভাবনা চিন্তা করছেন এবং তাঁর প্রতিফলন ঘটছে নেট দুনিয়ায়। বাদ নেই স্বরাও। তবে তিনি তালিবান সন্ত্রাসের কথা তুলে ধরার পাশাপাশি হিন্দু সন্ত্রাস নিয়েও সরব হন। স্বরা তাঁর টুইটে লিখেছেন, 'আমরা তালিবানি সন্ত্রাস নিয়ে আতঙ্কিত হব, হিন্দুত্ববাদী সন্ত্রাস নিয়ে মাথা ঘামাব না— এই মানসিকতাও যেমন ভুল, তেমনই তালিবানি সন্ত্রাসের কথা শুনে নিশ্চিন্তে বসে থাকব আর হিন্দুত্ববাদী সন্ত্রাস নিয়ে ক্ষোভ প্রকাশ করব— এটাও ভুল। শাসক এবং শোষিতের পরিচয়ের উপরে যেন আমাদের মানবিকতা এবং মূল্যবোধ নির্ভর না করে।’
এরপর থেকেই টুইটারে নেটিজেনরা স্বরা ভাস্করের গ্রেফতারি চেয়ে সরব হয়েছেন। টুইটারে 'অ্যারেস্ট স্বরা ভাস্কর’ ট্রেন্ড চলছে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলড হচ্ছেন স্বরা। তবে ইতিমধ্যেই এটা নিয়ে সরব হয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। স্বরাকে কটাক্ষ করে তীব্র কটাক্ষ ছুঁড়েছেন তিনি। এই টুইটের জবাবেই রুদ্রনীলের পাল্টা প্রশ্ন, তালিবান সন্ত্রাসের সঙ্গে হিন্দুধর্মকে স্বরা তুলনা করলেন কী করে? অভিনেতার মতে, হিন্দুধর্মে কট্টর হিন্দুত্ববাদী আইন বলেও কিছু হয় না। রুদ্রনীলের কথায়, 'হয়তো স্বরা ভাস্কর স্বপ্নে কিছু দেখেছেন। এ ধরনের স্বপ্নই তাঁর মতো মানুষদের মানসিক গঠনের পরিচয়। এ সব বললে, তাঁর বিরুদ্ধে যে জনমত তৈরি হবে, সে তো স্বাভাবিক।’ রুদ্রনীলের কাছে নিজের ধর্ম সবার আগে। তারপর অন্য ধর্মের প্রতি সম্মান দেখাবেন তিনি।
সম্প্রতি আফগানিস্তান ইস্যুতে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানও মন্তব্য করেন। তিনি জানান, 'বাংলাদেশ, ভারত বা বিশ্বের যেকোনো দেশেই মহিলাদের উপর অত্যাচার হলে আমাদের সরব হতে হবে। আজ ওখানে যা হচ্ছে তা কাল আমার দেশে বা কলকাতাতেও হতে পারে।’ এই প্রসঙ্গেও মতামত রেখেছেন রুদ্রনীল। তাঁর বক্তব্য, বাংলাদেশের বাসিন্দা হয়ে জয়ার এমন আশঙ্কা হওয়া স্বাভাবিক।












Click it and Unblock the Notifications