অভিনেত্রী রতি অগ্নিহোত্রীকে মারধরের অভিযোগ, জেরা স্বামীকে
মুম্বই, ১৬ মার্চ : ৩০ বছরের বিবাহজীবন কাটানোর পর শনিবার (১৪ মার্চ) স্বামী অনিল বীরওয়ানির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করলেন অভিনেত্রী রতি অগ্নিহোত্রী। শুধু শারীরিক নয়, মানসিকভাবেও তাঁর উপর অত্যাচার করা হত বল স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন রতি।
রতির অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ, ৩২৩, ৩৫০ এবং ৫০৬ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।

মুম্বইয়ের ওরলিতে স্বামী অনিল বীরওয়ানি ও অভিনেতা ছেলে তনুজের সঙ্গে থাকেন রতি। রতি জানিয়েছেন, দীর্ঘদিন হিংসা ও অত্যাচার সহ্য করে আসছিলেন তিনি। যদিও পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, কোনও বিশেষ কারণে তাঁর উপর অত্যাচার করা হত কিনা সেবিষয়ে নিজের অভিযোগে কিছু জানাননি অভিনেত্রী।
এই অভিযোগের ভিত্তিতে, রতি ও তাঁর স্বামী উভয়কেই মুম্বইতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তও চালাচ্ছে পুলিশ। তবে তদন্তে বীরওয়ানি সবরকমের সাহায্য করছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশসূত্রের খবর, স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ নিয়ে গত ৭ মার্চ মৌখিকভাবে পুলিশের কাছে অভিযোগ জানান অভিনেত্রী। বাড়ির পরিচারক সহ এই ঘটনায় ৪ জনের সাক্ষ্য নিয়েছে পুলিশ।
তবে রতির গার্হস্থ্য হিংসার এই অভিযোগে চমকেছেন অনেকেই। ৩০ বছর বিবাহিত জীবন কাটানোর পর কেন এখন এই অভিযোগ তুলছেন অভিনেত্রী তা ঠাহর করতে পারছেন না অনেকেই।
রতি একাধিক ছবিতে অভিনয় করেছেন। বর্তমানেও বহু সিনেমা ও ধারাবাহিকে রতিকে অভিনয় করতে দেখা যায়। উল্লেখ্য ১৯৮১ সালে রতি অগ্নিহোত্রী ও কমল হাসান অভিনীত 'এক দুজে কে লিয়ে' ছবি বক্স অফিসে শোরগোল ফেলে দিয়েছিল।












Click it and Unblock the Notifications