দ্বিতীয় ওয়েভ মহামারির সময় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অক্ষয় কুমার, দান করলেন ১ কোটি টাকা
এক কোটি টাকা দান করলেন অক্ষয় কুমার
দেশে করোনার দ্বিতীয় ওয়েভ মারাত্মক রকমভাবে প্রভাব ফেলেছে ভারতের ওপর। দৈনিক আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এরই মধ্যে অক্সিজেনের অভাব অন্য এক সঙ্কটের মধ্যে নিয়ে গিয়েছে দেশকে। এই কঠিন সময়ে প্রত্যেকেই একসঙ্গে এগিয়ে এসে নিজেদের সাধ্যমতো দেশকে সাহায্য করার চেষ্টা করছেন। সাধারণ মানুষের পাশাপাশি বহু বলিউড তারকারাও অসহায় মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। সেই তালিকায় যোগ হলেন অক্ষয় কুমার।

অভিনেতা অক্ষয় কুমার এক কোটি টাকা দান করলেন ক্রিকেটার তথা রাজনীতিবিদ গৌতম গম্ভীরের সংগঠনে। গৌতম গম্ভীর টুইটারে এই খবর শেয়ার করে খিলাড়ি অভিনেতাকে ধন্যবাদ জানিয়েছেন। অক্ষয় কুমারকে তিনি 'আশার আলো’ বলে অভিহিত করেছেন। গৌতম গম্ভীর লিখেছেন, 'ধন্যবাদ আপনাকে অক্ষয় কুমার জি এই এক কোটি টাকার প্রতিশ্রুতি রক্ষার জন্য। গৌতম গম্ভীর ফাউন্ডেশন অসহায়দের খাবার, ওষুধ ও অক্সিজেন সরবরাহ করে থাকে।’ অক্ষয় কুমারও পাল্টা জবাবে লিখেছেন, 'এখন খুবই কঠিন সময়। আমি সাহায্য করতে পেরে খুশি হয়েছি। আশা করছি এই সঙ্কটময় পরিস্থিতি থেকে শীঘ্রই মুক্তি পাব আমরা। সুরক্ষিত থাকুন।’
অক্ষয় কুমারের এই সাহায্যের কথা জানতে পেরে বহু অক্ষয় ভক্ত অভিনেতার প্রশংসা করেন। এই মাসের গোড়ায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা। যদিও তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন।












Click it and Unblock the Notifications