ফের বন্ধ ‘সিকন্দর’-এর শুটিং! সলমনের সঙ্গে কাজ করতে গিয়ে চোট পেলেন রশ্মিকা
সলমন খানের সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। গত বছর জুন মাসে মুম্বইয়ে শুরু হয় 'সিকন্দর' ছবির শুটিং। তার পর কিছু অংশের শুটিং ইতিমধ্যে হায়দরাবাদে সেরে ফেলেন সলমন খান ও রশ্মিকা মন্দানা। তবে তার আগে শুটিংয়ের সময় একের পর এক বাধার সম্মুখীন হন রশ্মিকা। শুটিং শুরুর প্রথম দিনই অসুস্থ হয়ে পড়েন রশ্মিকা। যদিও তাঁর যত্নের ত্রুটি রাখেননি ভাইজান। এক সাক্ষাৎকারে এমনটাই জানান অভিনেত্রী স্বয়ং।
'সিকন্দর'-এর শুটিং শুরু হওয়ার পরে পাঁজরে চোট পান সলমন খান নিজেই। তবে, এর জন্য শুটিং বন্ধ ছিলনা। সেইসময় চোট নিয়েই শুটিং করেন অভিনেতা। এর পর সলমন খানের বাড়িতে গুলিকাণ্ডের পর কিছুদিন বন্ধ ছিল এই ছবির শুটিং। বর্তমানে 'সিকন্দর'-এর শেষ পর্বের শুটিং চলছিল। এমন সময় হঠাৎ জিম করতে গিয়ে চোট পান রশ্মিকা। ফলে স্থগিত রাখা হয়েছে এই ছবির অন্তিম পর্বের শুটিং।

শোনা যাচ্ছে, জিম করার সময় আচমকাই পড়ে যান রশ্মিকা। চোট পান অভিনেত্রী। যার ফলে আপাতত কয়েক দিন বিরতি নিতে চান তিনি। তবে খুব বেশি দিন যে বিরতি নেবেন, তা নয়। দিন কয়েক বিশ্রাম নিয়ে তার পর মুরুগাদস পরিচালিত ছবি 'সিকন্দর'-এর শেষ পর্বের শুটিং করবেন অভিনেত্রী।
আগামী বছর ইদে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা। ছবির নাম ঘোষণা পর থেকেই উচ্ছ্বাস প্রকশ দর্শকবৃন্দের। এই অ্যাকশন ছবিতে নবরূপে দেখা যাবে সলমন খানকে, এমনটাই জানিয়েছেন ছবির নির্মাতারা। এই ছবির গান থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য, সবই দর্শকের কৌতূহল বাড়াতে প্রস্তুত। এই ছবিটি তৈরির ক্ষেত্রে বাজেটের কোনও কমতি রাখেননি প্রযোজক। এই ছবির জন্য মুম্বইয়ে সেট তৈরিতে খরচ হয়েছে প্রায় ১৫ কোটি টাকা। এবার মুক্তির পর এই ছবিটি বক্স অফিসে কতটা সাফল্য এনে দিতে পারে, সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications