নুসরত জাহানের পুত্র ঈশানের পিতার নাম যশ দাশগুপ্ত, অবশেষে সমস্ত জল্পনার অবসান
আর কোনওরকম সন্দেহ, সংশয়ের অবকাশ রইল না। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল অভিনেত্রী নুসরত জাহানের সন্তান ঈশানের পিতার নাম। তিনি আর কেউ নন, অভিনেতা যশ দাশগুপ্ত। এদিন কলকাতা পুরসভার পক্ষ থেকে যে জন্মের শংসাপত্রের খবর সামনে এসেছে তা থেকে পরিষ্কার হয়ে গিয়েছে যে ছোট্ট ঈশানের পিতা আর কেউ নন, খোদ যশ দাশগুপ্ত।

নিখিলের সঙ্গে সম্পর্ক ভাঙে নুসরতের
নুসরত জাহান তাঁর পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরে তা নিয়ে সংবাদমাধ্যমে ব্যাপক জলঘোলা হয়। নুসরত এবং নিখিলের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আলাপ-আলোচনা চলেছে বেশ কিছুদিন ধরে। নুসরত পরে তাদের বিয়েও কার্যত অবৈধ বলে জানিয়ে দিয়েছিলেন।

গর্ভবতী হন নুসরত
তার কিছুদিন পরেই জানা যায় নুসরত জাহান গর্ভবতী। তারপরেই ফের একবার নুসরতকে নিয়ে জল্পনা বাড়তে থাকে। ফের একবার তিনি সংবাদ শিরোনামে উঠে আসেন। এবার জল্পনার মূল বিষয়বস্তু ছিল - কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নুসরত।

পুত্র সন্তানের জন্ম দেন নুসরত
এই সমস্ত আলাপ-আলোচনাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে গত অগাস্ট মাসের শেষে কলকাতায় ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন নুসরত। কিন্তু তারপরও আলোচনা থামেনি। কারণ সেই পুত্র সন্তানের পিতা কে তা কখনও প্রকাশ্যে আনেননি নুসরত।

ঈশানের পিতাকে নিয়ে আলোচনা শুরু থেকেই
যদিও সংবাদমাধ্যমে প্রথম থেকেই দাবি করা হয়েছিল সম্ভবত নুসরতের সন্তানের বাবা হলেন অভিনেতা যশ দাশগুপ্ত। কারণ নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে টানাপোড়নের সময় থেকেই নুসরত এবং যশের প্রেমের খবর চাউর হয়েছিল। এবং নুসরতের গর্ভাবস্থার সময়ও দুজনকে বেশ কয়েকবার একসঙ্গে দেখা গিয়েছে।

পাশে ছিলেন যশ
এমনকী নুসরতের সন্তানের জন্মের সময়ও যশ এবং তাঁর পরিবার রীতিমতো হাসপাতালে ছিলেন এবং তাঁরাই নুসরতের দেখভাল করেছেন। এমনকী যশ নিজে গাড়ি চালিয়ে নুসরতকে বাড়িতে নিয়ে আসেন।

ঈশানের পিতা যশ-ই
এরপরই এদিন জানা গেল যে নুসরত জাহান এবং যশ দাশগুপ্তের ছেলে হল ঈশান। কারণ কলকাতা পুরসভার অনলাইন আবেদনে নুসরতের সন্তানের নাম হিসেবে রাখা হয়েছে ঈশান জে দাশগুপ্ত। মায়ের নামের জায়গায় লেখা হয়েছে নুসরত জাহান রুহি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাবার নামের জায়গায় লেখা রয়েছে দেবাশিস দাশগুপ্ত নামটি। এই দেবাশিস দাশগুপ্ত হল অভিনেতা যশ দাশগুপ্তের আসল নাম। অর্থাৎ সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ অবধি জানা গেল নুসরতের সন্তানের পিতার নাম। এখন দেখার নুসরত বা যশ কেউ এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন কিনা।












Click it and Unblock the Notifications