ফের ইনফোসিসে শুরু ছাঁটাই পর্ব, এবার খারাপ পারফরম্যান্সের জন্য বাদ গেল ৪০ জন ট্রেনি
সফটওয়্যার জায়ান্ট ইনফোসিস তার মাইসোর শাখা থেকে কমপক্ষে ৩০ থেকে ৪৫ জন ট্রেনিকে বরখাস্ত করেছে, কারণ তারা অভ্যন্তরীণ মূল্যায়নে সফল হতে ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। সফটওয়্যার কোম্পানিতে ফের একবার শুরু হল এই ছাঁটাই পর্ব।
সূত্র মারফত জানা গেছে, বরখাস্ত হওয়া প্রশিক্ষণার্থীরা কোম্পানির 'ফাউন্ডেশন স্কিল ট্রেনিং প্রোগ্রামের' অংশ ছিলেন। তবে, অতিরিক্ত প্রস্তুতি, মক অ্যাসেসমেন্ট এবং ডাউট ক্লিয়ারিং সেশন সত্ত্বেও তারা পাশ করার প্রয়োজনীয় মান অর্জন করতে পারেননি। সেই লেভেলটা ছুঁতে ব্যর্থ হন এই ৪৫ জন ট্রেনি।

এই ছাঁটাইয়ের সিদ্ধান্তটি নেওয়া হল প্রায় কয়েক মাস পর। কেননা মাসখানেক আগেই আরেকটি ছাঁটাই হয়েছিল এই ইনফোসিসের মাইসোর ক্যাম্পাস থেকে। যেখানে ইনফোসিস মাইসোর ক্যাম্পাস থেকে প্রায় ৩৫০ জন প্রশিক্ষণার্থীকে বরখাস্ত করেছিল। উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রশিক্ষণার্থীরা প্রায় আড়াই বছর অপেক্ষার পর নিয়োগ হয়েছিলেন, কিন্তু প্রশিক্ষণ চলাকালীন মূল্যায়নে উত্তীর্ণ হতে না পারায় তারা চাকরি হারান।
তবে সংস্থাটি এঁদের জন্যে কিছুটা আশার কথাও শুনিয়েছে। তারা জানিয়েছে, বরখাস্ত হওয়া প্রশিক্ষণার্থীদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ থাকছে। ইনফোসিসের ব্যবসায়িক প্রক্রিয়া ব্যবস্থাপনা (BPM) বিভাগের মাধ্যমে তাদের জন্য ১২ সপ্তাহের একটি প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে।
যারা প্রথম রাউন্ডের মূল্যায়নে ব্যর্থ হয়েছেন, তারা চাইলে BPM বিভাগে কাজ করার জন্য নতুন প্রশিক্ষণ নিতে পারবেন। যদিও ইনফোসিস এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি, তবে জানা গেছে প্রত্যেক বরখাস্ত কর্মীকে এক মাসের এক্স-গ্রাশিয়া অর্থ প্রদান ও একটি রিলিভিং লেটার দেওয়া হবে।
বর্তমানে ভারতের আইটি সূচক ১৫.৩% কমেছে, যা ২০২২ সালের জুনের পর থেকে সবচেয়ে খারাপ পারফরম্যান্স। শীর্ষ সংস্থাগুলির মধ্যে টিসিএস, উইপ্রো, ইনফোসিস ও এইচসিএলটেকের শেয়ার ১১.২% থেকে ১৮.১% পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্লেষকদের মতে, বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ভারতীয় আইটি সংস্থাগুলির কর্মসংস্থানের গতিবিধিতে এর প্রভাব পড়ছে, যা এই ধরনের ছাঁটাইয়ের পরিস্থিতি তৈরি করছে।












Click it and Unblock the Notifications