খাদ্যদ্রব্যের দামে পতনে স্বস্তি! রেকর্ড কমে খুচরো মুদ্রাস্ফীতি, অক্টোবরে মাত্র ০.২৫ শতাংশ, টিকে থাকবে তো ?
দেশের সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর মিলেছে, অক্টোবরে খুচরো মুদ্রাস্ফীতি নেমে এসেছে রেকর্ড সর্বনিম্ন স্তরে, মাত্র ০.২৫ শতাংশে। খাদ্যদ্রব্যের দামে বড়সড় পতন ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীতে কর ছাড়ের ফলেই এই নজিরবিহীন নিম্নগতি বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
সরকারি তথ্য অনুযায়ী, ২০১৫ সালে চালু হওয়া বর্তমান উপভোক্তা মূল্যসূচক তথা সিপিআই সিরিজের পর থেকে এত কম মুদ্রাস্ফীতি আর দেখা যায়নি। সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতি ছিল ১.৪৪ শতাংশ, যা সংশোধনের পর আরও কমেছে টানা কয়েক মাস ধরে দাম কমার ধারাই অব্যাহত।

সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, "অক্টোবরে সামগ্রিক খাদ্যভিত্তিক মুদ্রাস্ফীতির পতনের মূল কারণ হল পণ্য ও পরিষেবা কর তথা হ্রাসের পূর্ণাঙ্গ প্রভাব।" সেপ্টেম্বরে শেষের দিকে কেন্দ্রীয় সরকার বহু দৈনন্দিন ব্যবহারের পণ্যে, যেমন দুগ্ধজাত দ্রব্য ও ব্যক্তিগত বেশকিছু সামগ্রীতে, জিএসটি হার কমিয়েছিল।
এই পদক্ষেপ স্থানীয় বাজারে চাহিদা বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া হয়, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক বৃদ্ধির পর উদ্ভূত বাণিজ্য অনিশ্চয়তার প্রেক্ষিতে।
অক্টোবরে খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি বছরে প্রায় ৫.০২ শতাংশ হ্রাস পেয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ২.৩৩ শতাংশ। সবজির দাম পড়েছে ২৭.৫৭ শতাংশ, যা আগের মাসের ২১.৩৮ শতাংশ পতনের ধারাকে আরও গভীর করেছে।
বিশেষজ্ঞদের মতে, এই নজিরবিহীন মুদ্রাস্ফীতি পতন সাধারণ মানুষের সংসারের বোঝা কিছুটা হলেও হালকা করবে ও বাজারে ক্রয়ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে। তবে উৎসবের মরসুমে চাহিদা বাড়া ও বিশ্বের দামের অস্থিরতার মধ্যে এই নিম্নগতি কতদিন স্থায়ী হয়, সেটাই এখন দেখার বিষয়।












Click it and Unblock the Notifications