কলকাতাতেই মিনি মিরিক, সপ্তাহান্তের ছুটিতে চলে আসুন এই নতুন ডেস্টিনেশনে
গরমে জেরবার রাজ্যবাসী। এই গরমে যদি দার্জিলিঙের মিরিক লেকে যাওয়া যায়। নাম শুনলেই মনটা যেন জুড়িয়ে যায়। কিন্তু সেখানে পৌঁছতে ২ দিন তো লেগেই যাবে। কিন্তু জানেন কি কলকাতার কাছেই রয়েছে মিরিকের মত লেক। একবেলাতেই বেড়িয়ে আসা যায় সেখান থেকে।

মিনি মিরিক
মিরকি নামটা শুনলেই এই গরমের হাঁসফাঁস দিনে মনটা যেন হারিয়ে যায়। পাহাড়, চা-বাগান, মিরিক লেকের চারপাশে ঘোড়ায় ঘুরে বেড়ানো। চোখের সামনে ভেসে ওঠে সেই সব ছবি। কিন্তু মনে হলেই তো আর যাওয়া যায়নি। সেই অসম্ভবকে সম্ভব করেছে কলকাতার কাছেই মিনি মিরিক। ইচ্ছে হওয়া মাত্র সেখানে ঘুরে আসা যায়। একবেলা নিশ্চিন্তে ছুটি কাটানো যায় এই মিনি মিরিকে। কলকাতার একেবারে কাছেই অপেক্ষা করছে মিনি মিরিক।

কোথায় রয়েছে এই মিনি মিরিক
কলকাতার এত কাছে যে মিরিকের মত লেক থাকতে পারে অনেকেই এখনও তা জানেন না। রায়দিঘিতে তৈরি হয়েছে সেই লেক। একেবারে মিরিক লেকের আদলে সাজিয়ে তোলা হয়েছে রায়দিঘি ইকো ট্যুরিজম পার্ককে। এখনও তৈরি হচ্ছে পার্কের অনেক অংশ। তবে ৯০ শতাংশ কাজ শেষ। ইতিমধ্যেই বিকেলে ভিড় করছেন পর্যটকরা। অনেকেই এখনও তেমন ভাবে এই পার্কের কথা জানেন না। স্থানীয়রা যাঁরা জেনেছেন তাঁরা বেড়াতে আসছেন।

কীভাবে তৈরি
রায়দিঘির বিশাল দিঘিকে কেন্দ্র করেই এই পার্কটি তৈরি করা হয়েছে। সুন্দরবন ডেভলপমেন্ট অথরিটি, রাজ্য সরকারের পর্যটন বিভাগ এবং জেলা পরিষদের মিলিত প্রচেষ্টায় পার্কটিকে সাজিয়ে তোলা হয়েছে। পরিবেশ বান্ধব করে গড়ে তোলা হয়েছে পার্কটি। পুরো আলোকসজ্জা তৈরি হয়েছে সোলার সিস্টেমে। পার্কে সুন্দর বসার জায়গা রয়েছে। রয়েছে দিিঘতে বোটিংয়ের সুবিধা। যেমনটা মিরিকের লেকে করা যায়। আবার কটেজের ব্যবস্থাও থাকছে।

সুন্দরবন বেড়ানোর নতুন ডেস্টিনেশন
মিনি মিরিককে রাজ্যের পর্যটন মানচিত্রে তুলে আনতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্য সরকারের সুন্দরবন ট্যুর প্যাকেজের আওতায় রাখা হচ্ছে এই ইকো ট্যুরিজিম পার্ক বা মিনি মিরিককে। যাঁরা সুন্দরবন বেড়াতে যাঁবেন তাঁরা এই মিনি মিরিকে বেড়াতে পারবেন। অর্থাৎ পর্যটকদের এই পার্কে নিয়ে এসে জায়গাটির পরিচিতি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তাতে জেলা প্রশাসন থেকে শুরু করে রাজ্যের পর্যটন দফতর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
ছবি সৌজন্য ফেসবুক












Click it and Unblock the Notifications