Travel: শীতের আমেজ গায়ে মেখে ঘুরে আসুন ঝাড়গ্রামের এই অচেনা জঙ্গলে, কান পাতলে শুনতে পাবেন হাতির ডাক
শীতের আমেজ পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে। আর শীত পড়লেই পুরুলিয়া-ঝাড়গ্রামে পর্যটকদের ভিড় বাড়ে। এই সময় সেখানে আবহাওয়া মনোরম হয়ে ওঠে। গত কয়েক বছরে দক্ষিণবঙ্গের এই দুই জেলা পর্যটনে বেশ জনপ্রিয়তা পেয়েছে। পশ্চিমবঙ্গ সরকারও এখানে একাধিক রিসর্ট এবং বাংলো তৈরি করেছে পর্যটকদের জন্য।
এবারে শীতের পড়ন্ত বেলায় ঘুরে আসুন ঝাড়গ্রামের হাতিবাড়ি থেকে। পশ্চিমবঙ্গ সরকারের সেখানে বনবাংলো রয়েছে। কাজেই থাকার জায়গা অসাধারণ হবে তাতে কোনও সন্দেহ নেই। হাতিবাড়ি জঙ্গলের নাম অনেকেই শোনেননি।

সুবর্ণরেখা নদীর পাড়ে এর অবস্থান। পশ্চিমবঙ্গ সরকার এর নাম দিয়েছে হাতিবাড়ি ইকো ট্যুরিজিম রিসর্ট। বড়াগড়ার দিকে যেতে পড়বে এই হাতিবাড়ি জঙ্গল। মাঝে ওড়িশা পেরিয়ে যেতে হয় হাতিবাড়ি জঙ্গলে। অর্থাৎ মাঝে ওড়িশা তারপরে আবার পশ্চিমবঙ্গ। যাওয়ার পথটি অসাধারণ। একেবারে লাল মাটির রাস্তা ঢুকে গিয়েছে জঙ্গলের মধ্যে।
একেবারে জঙ্গলের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বনবাংলো। কটেজ সিস্টেমে থাকার বন্দোবস্ত। চারিদিকে শালবাগােনর জঙ্গল আর মাঝখানে ছোট কটেজ। সুবর্ণরেখা নদী এই জঙ্গলের গা ঘেঁসে চলে গিয়েছে। ছোটনাগপুর মালভূমি থেকে এই নদীর উৎপত্তি। ঝাড়খণ্ড ওড়িশা পেরিয়ে এই নদী পশ্চিমবঙ্গে ঢুকেছে।
এই নদীর বালিতে নাকি সোনা পাওয়া যায় সেকারণে এই নদীর নাম সুবর্ণ রেখা। অনেক মানুষই এই নদী থেকে বালি ছেঁকে সোনা সংগ্রহ করে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এখানে নাকি একটা সময়ে প্রচুর হাতি ছিল। এখনও মাঝে মধ্যে হাতির দেখা মেলে এখানে।












Click it and Unblock the Notifications