ভবশঙ্করীর চরিত্রে আসছেন শুভশ্রী, বাংলার আসল রায়বাঘিনী কে জানেন?
রায়বাঘিনী ননদিনী, সাধারণত স্বামীর বোন বা দিদিকে এই নামে ডাকা হয়ে থাকে। মজা করে ননদকে রায়বাঘিনী নামে ডাকা হলেও আসলে কে এই রায়বাঘিনী? কোথা থেকেই বা এল এই নাম? রায়বাঘিনীর অজানা ইতিহাস জানেন না বাংলার প্রায় বেশিরভাগ মানুষ। কিন্তু এবার বাঙালির মাঝে এই বীর রমণীর পরিচয় করাতে আসছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে বাংলার একাধিক ঐতিহাসিক চরিত্র নিয়ে সিনেমা আসছে বড় পর্দায়।
তার মধ্যে অন্যতম দেবের রঘু ডাকাত, শ্রাবন্তির দেবী চৌধুরানী প্রমূখ। ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে রুক্মিণীর নটি বিনোদিনী। তবে এবার সম্পূর্ণ ভিন্নধারার এবং অপেক্ষাকৃত কম প্রচলিত ঐতিহাসিক চরিত্র বড়পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন শুভশ্রী।

মধ্য যুগে বাঙালি বীরশ্রেষ্ঠ রমণীদের মধ্যে অন্যতম ছিলেন ভবশঙ্করী। তবে বাঙালিদের কাছে বর্তমানে খুব একটা পরিচিত নয় বাংলার এই মহারানীর নাম। কিন্তু ষোড়শ শতাব্দীর অবিভক্ত বাংলার শাসনকালে ভবশঙ্করী ছিলেন বাংলা বিরোধীদের ত্রাস।
দিল্লির মোঘল থেকে পাঠান, ভবশঙ্করীর নাম শুনলে রীতিমতো ভয়ে কাঁপতেন তৎকালীন তাবড় শাসকরা। রানি ভবশঙ্করীকে পরাজিত করতে পারেননি কেউ। এমনকি, রানি ভবশঙ্করীর বীরত্বে মুগ্ধ হয়ে ভুরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের সার্বভৌমত্ব মাথা পেতে নিয়েছিলেন বাদশা আকবর। এবং তিনিই রানিকে রায়বাঘিনী উপাধিতে ভূষিত করেন।
আর এবার এই বীর রমনীর গল্প উঠে আসবে বড় পর্দায়। সিনেমায় রায় বাঘিনীর চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এর আগে ইন্দুবালা ভাতের হোটেল সিরিজে অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন শুভশ্রী। নিজের গ্ল্যামারাস অবতার ছেড়ে সম্পূর্ণ ভিন্নধারার কাজে দেখা যাচ্ছে নায়িকাকে।
তবে বাস্তব জীবনেও অনেকাংশেই রায়বাঘিনীর সঙ্গে মিল রয়েছে শুভশ্রীর। কারণ সংসার দুই ছেলে মেয়ে সামলেও সমানভাবে কাজ করে চলেছেন শুভশ্রী। ইউভান আর ইয়ালিনিকে সামলানোর পাশাপাশি নিজের কেরিয়ারের উপরও ফোকাস বজায় রেখেছেন তিনি। স্বামী পরিচালক রাজ চক্রবর্তী সব সময় তাঁর পাশে থেকেছেন।
ছবির ফার্স্ট লুক পোস্টার সামনে এসেছে। সেখানে ঢাল-তলোয়ার হাতে দেখা মিলল শুভশ্রীর। তাঁর পরনে রাজরানির বেশ। তবে শুভশ্রীকে আবার অন্যরকম ভূমিকায় দেখতে যথেষ্ট উৎসাহী দর্শকরা তা বলা বাহুল্য।












Click it and Unblock the Notifications