প্রয়াত বিগ বসের প্রাক্তন প্রতিযোগী বিতর্কিত গুরু স্বামী ওম
প্রয়াত গুরু স্বামী ওম
বিগ বস ১০–এর প্রতিযোগী স্বামী ওম বুধবার গাজিয়াবাদে নিজের বাড়িতে মারা যান। জানা গিয়েছে, স্বঘোষিত আধ্যাত্মিক গুরু কিছুমাস আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকেই তাঁর স্বাস্থ্য ভাঙতে শুরু করে।

স্বামী ওমের বন্ধু মুকেশ জৈন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বিগ বস ১০–এ স্বামী ওমের উপস্থিতি প্রতিদিনই বিতর্ক তৈরি করেছে। অন্য প্রতিযোগীদের খারাপ মন্তব্য থেকে শুরু করে, তাঁদের অভিশাপ দেওয়া ও শৌচালয়ের জিনিস চুরি করা সবই করতেন তিনি। তবে তাঁর সহ–প্রতিযোগী বাণী জে–কে টাস্ক চলাকালীন স্বামী ওম নিজের মূত্র ছুঁড়ে ফেলার ঘটনা আলোড়ন ফেলেছিল দেশে। এই ঘটনার পর শোয়ের সঞ্চালক সলমন খান স্বামী ওমের তীব্র সমালোচনা করেন। যার জেরে স্বামী ওম বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বিগ বস ও সলমন খানের বিরুদ্ধে কথা বলতেন। এমনকী তিনি তাঁর সহযোগীদের নিয়ে বিগ বসের সেটে ভাঙচুর করবেন বলেও হুমকি দিয়েছিলেন।
গত তিনমাস ধরে তিনি অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বিগত তিন মাস আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে মারণ ভাইরাসের কোপ থেকে মুক্তি পেলেও শারীরিক পরিস্থিতি ভাল যাচ্ছিল না তাঁর। ভীষণ দুর্বলও হয়ে পড়েছিলেন স্বামী ওম। যার ফলে তাঁর হাঁটতেও অসুবিধা হত। দিন কয়েক আগেই পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিলেন তিনি। জানা গিয়েছে দেহের একদিকটা অসাড় হয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে সত্ত্বর এইমসে ভরতি করা হয়েছিল। তবে শেষ রক্ষা আর করা যায়নি। বুধবার মৃত্যু হয় স্বামী ওমের। দিল্লির নিগমবোধ ঘাটে এদিনই সমাধিস্থ করা হবে স্বঘোষিত এই ধর্মগুরুকে












Click it and Unblock the Notifications