আত্মহত্যা করলেন ‘দিল তো হ্যাপি হ্যয় জি’র অভিনেত্রী সেজল শর্মা, শোকাহত টেলি মহল
টিভি স্টার কুশল পাঞ্জাবির আত্মহত্যার রেশ কাটতে না কাটতেই ফের আরও এক টিভি স্টারের আত্মঘাতী হওয়ার খবর পাওয়া গেল। স্টার প্লাসের 'দিল তো হ্যাপি হ্যয় জি’ ধারাবাহিকের অভিনেত্রী সেজল শর্মা শুক্রবার সকালে আত্মহত্যা করেন। এই ধারাবাহিকে তাঁকে শেষবারের মতো দেখা গিয়েছিল, যেখানে তিনি মুখ্য চরিত্র অংশ বাগরি তথা রকির দত্তক বোন সিমি খোসলার চরিত্রে অভিনয় করছিলেন।

'দিল তো হ্যাপি হ্যয় জি’ এই ধারাবাহিকটি সেজলের প্রথম টেলিভিশনের কাজ এবং এই টেলিশোপের অংশ হতে পেরে তিনি নিজেও খুব খুশি ছিলেন। উদয়পুরের বাসিন্দা সেজল সবসময়ই অভিনেত্রী হতে চাইতেন এবং নাচ ভালোবাসতেন। মুম্বইয়ের এক সংবাদমাধ্যমের রিপোর্টে জানা গিয়েছে কর্মজীবনের জন্য নয় তিনি অন্য কোনও কারণেই এই চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করেছেন। ২০১৭ সালে সেজল মুম্বই আসেন এবং আসার পরই তিনি স্টার প্লাসের মতো চ্যানেলে ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান। সেজল এক সাক্ষাতকারে তাঁর অভিনয় জগতের সফর নিয়ে জানিয়েছিলেন যে তাঁর পক্ষে খুবই কঠিন ছিল তাঁর মধ্যবিত্ত অভিভাবকদের বোঝানো যে সেজল অভিনয়ের মধ্য দিয়েই নিজের ভবিষ্যত গড়তে চান। উপরন্তু তিনি ছিলেন স্বাধীনচেতা এবং মা–বাবার কাছ থেকে কখনই কোনও আর্থিক সাহায্য নেননি।
সেজলের সহ–অভিনেত্রী তথা 'দিল তো হ্যাপি হ্যয় জি’র মুখ্য অভিনেত্রীন জসমিন এই খবর শোনার পর নিজের ইনস্টাতে পোস্ট করেন, 'এটা বিশ্বাসই করা যাচ্ছে না যে তুমি আর আমাদের মধ্যে নেই, খুব প্রাণবন্ত মেয়ে ছিল, তোমার উপস্থিতি যে কোনও জায়গায় আলো জ্বেলে দিত, একমাত্র তুমি জানো তুমি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলে, যার জন্য এই সিদ্ধান্ত তোমায় নিতে হল। আমি খুব মিস করব তোমায় এবং এটা যেন আর কোনওদিন না ঘটে কারোর সঙ্গে।’ জসমিন ছাড়াও টেলি জগতের অনেকেই এই খবর শোনার পর হতবাক। সকলেই সোশ্যাল মিডিয়ায় তাঁর আকস্মিক মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন পরিবারকে।
টিভি শোয়ের আগে সেজল ভিভো (আমির খানের সঙ্গে) এবং ঊষা ফ্যান (রোহিত শর্মা ও হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে)–এর মতো নামী বিজ্ঞাপন সংস্থার সঙ্গে কাজ করেছেন। তিনি 'আজাদ পরিন্দা’ নামে এক ওয়েব সিরিজেও কাজ করেছেন। সেজলের প্রথম বিজ্ঞাপন মটোরোলার। সেজলের আগে মানসিক অবসাদে আত্মহত্যা করেন টেলিভিশনের জনপ্রিয় মুখ কুশল পাঞ্জাবি। ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার জন্যই তিনি এই সিদ্ধান্ত নেন। তবে সেজলের আত্মহত্যার পেছনে কি কারণ রয়েছে তা এখনও জানা যায়নি। এর আগেও বহু জনপ্রিয় টেলিভিশন অভিনেতা–অভিনেত্রী বিভিন্ন কারণে আত্মঘাতী হয়েছেন।












Click it and Unblock the Notifications