শেষ হচ্ছে শ্রীময়ী, মন খারাপ দর্শকদের
শেষ হচ্ছে শ্রীময়ী, মন খারাপ দর্শকদের
প্রতিদিন সন্ধ্যা ৭ টা বাজলেই যে যেখানেই থাকুন না কেন ঠিক ড্রইং রুমে এসে হাজির হন। সামনে রাখা টেলিভিশন সেটের রিমোর্ট হাতে নিয়ে এক নির্দিষ্ট বাংলা বিনোদন চ্যানেল খুললেই একদিকে বিনুনি আর একপাল্লার ছিমছাম শাড়িতে হাজির হন শ্রীময়ী। গত দু বছর ধরে এটাই বাঙালি বাড়ির রোজনামচা। কিন্তু এবার ছেদ পড়তে চলেছে এই অভ্যাসে। আর কয়েকদিনের মধ্যেই বন্ধ হতে চলেছে এই বাংলা ধারাবাহিক। ফলে মন খারাপ তমাম দর্শক মহলের।

প্রথম আত্মপ্রকাশ
২০১৯ সালে লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে প্রথম টেলিভিশনের পর্দায় আত্মপ্রকাশ ঘটেছিল শ্রীময়ীর। প্রায় একরকম গল্প থেকে একটু ভিন্ন ধারার কাহিনী নিয়ে হাজির হয় এই ধারাবাহিক। দেখতে দেখতে যে গল্পের সঙ্গে অনেকটা নিজেদের মেলাতে শুরু করেন বাংলার গৃহবধূরা।

গল্পের নতুন মোড়
আর পাঁচটা গতানুগতিক ধারাবাহিকের মত শ্রীময়ীর গল্প ওই বিয়ে, শ্বশুর বাড়ির কিছু লোকের শয়তানি কিংবা আদর্শ বউ হয়ে ওঠার কাহিনী নয়। কংবা বিয়ের আগে আদায় কাঁচকলায় আর আচমকা বিয়ে হয়ে তারপর প্রেমে পরার গল্পও নয়। বরং শ্রীময়ীর গল্প হয়ে উঠেছে খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের ছাপোষা গৃহবধূর নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার গল্প, যা জয় করেছে দর্শকদের মন।

শ্রীময়ী ও জুন আন্টির কেমিস্ট্রি
নব্য বিবাহিত নয়, শ্রীময়ীর গল্প শুরু হয়েছিল মাঝবয়সীদের দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে। যেখানে সাধারণ শ্রীময়ীর সাজানো সংসারে আগুন লাগাতে আসে স্মার্ট আধুনিকা জুন গুহ। আর শ্রীময়ীর চরিত্রে ইন্দ্রাণী হালদারের দৃঢ় অভিনয়ের সঙ্গে খল চরিত্রে পাল্লা দিয়েছেন ঊষসী চক্রবর্তী। অভিনয় দক্ষতায় ইয়ং জেনারেশনের ঘুম উড়িয়েছেন ঊষসী।

রোহিত- শ্রীময়ীর হ্যাপি এন্ডিং?
মধ্যবয়স্ক রোহিত সেন এর ফিটনেস দেখে রীতিমতো কুপোকাত হয়ে তাদের বরও যেন এমন চাবুক ফিগারের অধিকারী হয় এমনই স্বপ্ন বুনছেন মহিলারা। সেই চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন টোটা রায়চৌধুরী। তবে এবার কী রোহিত- শ্রীময়ীর হ্যাপি এন্ডিং হবে? তার জন্য মুখিয়ে আছেন দর্শকরা।

চলতি মাসে অন্তিম পর্ব
চলতি মাসে, অর্থাৎ ডিসেম্বরেই শেষ হতে চলেছে টি আর পি তালিকায় শীর্ষে থাকা এই সিরিয়াল। ২০ তারিখ অন্তিম এপিসোডের শুটিংও শেষ। কিন্তু গত ২ বছর ধরে বাংলা টেলিভিশনে রাজ করা এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার খবরে মন খারাপ অভিনেতা থেকে দর্শক সকলেরই।












Click it and Unblock the Notifications