স্কুল ও মন্দিরের কাছে থাকছে না মদের দোকান, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
রাজ্যের সমস্ত মন্দির, স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে কোনও মদের দোকান থাকবে না। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক সভা শেষে বেরিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেছেন।
মুখ্যমন্ত্রী বলেন, এই নির্দেশ কার্যকর হলে এলাকায় নতুন করে কোনও মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। তিনি বলেন, ''আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমার এবং বিজেপি সরকারের প্রধান কাজ হবে। শাসকের আইন নয়, আইনের শাসন চলবে।''

মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, তাঁর সরকার অন্যভাবে পরিচালিত হবে। উত্তর ২৪ পরগনা, হুগলি ও নদিয়ায় প্রশাসনিক বৈঠক শেষে তিনি বলেন, “প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় এবং কাজে গতি আনতে জেলাভিত্তিক এই বৈঠকগুলি কার্যকর হচ্ছে।” কোলাঘাট, বারাসত, মালদহ-সহ বিভিন্ন জেলায় আগামী দিনে এমন সভা আয়োজিত হবে।
কল্যাণীর ওই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী অনলাইন লটারি ও চোলাই মদের কারবার বন্ধ করতে পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পাশাপাশি, জনকল্যাণে পুলিশের কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
"অন্নপূর্ণা যোজনা" চালুর ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। বুধবার থেকে এর সরকারি প্রক্রিয়া শুরু হবে, এবং এদিনই অনলাইনে ও অফলাইনে পূরণযোগ্য ফর্ম প্রকাশ পাবে। এই প্রকল্পের আর্থিক সুবিধা পেতে গ্রাহকদের নির্দিষ্ট ফর্ম জমা দিতে হবে।
মা ক্যান্টিন নিয়েও নতুন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এখন থেকে সপ্তাহে দুই দিন মা ক্যান্টিনে মাছ-ভাত পাওয়া যাবে, দাম পাঁচ টাকাই থাকবে। বাকি পাঁচ দিন দেওয়া হবে ডিম-ভাত।












Click it and Unblock the Notifications