জাহাঙ্গীর খানের রক্ষাকবচ সরাল হাইকোর্ট, এবার কি গ্রেফতার হবেন তৃণমূলের 'পুষ্পা'?
ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের উপর চাপ ক্রমশ বাড়ছে। কলকাতা হাইকোর্ট তার অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায়, তার গ্রেফতারিতে এখন কোনও আইনি বাধা রইল না। মঙ্গলবার বিচারপতির নির্দেশেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
মঙ্গলবার জাহাঙ্গীরের রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার পর তা বাড়ানোর জন্য আদালতে আবেদন করা হয়েছিল। তবে বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চ সেই আর্জি খারিজ করে দেয়। এর মাধ্যমে তার দুটি অন্তর্বর্তী মামলার রক্ষাকবচ প্রত্যাহার করা হল।

আদালতে বিচারপতি পার্থসারথী সেন পর্যবেক্ষণ করেন যে, ভোটের আবহে মামলাকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ মঞ্জুর করা হয়েছিল। তিনি স্পষ্ট জানান, পুলিশ যখন কোনও অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে, তখন তার তদন্ত হওয়া আবশ্যিক। যদি পুলিশি রিপোর্টে অভিযোগের স্বপক্ষে প্রাথমিক প্রমাণ পাওয়া যায়, তবে তা আবেদনকারীর জন্য শুভ সংকেত হবে না।
আদালতে রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তদন্তে সহযোগিতা করার শর্তে জাহাঙ্গীর খানকে রক্ষাকবচ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বাড়িতে নেই, তদন্তে সহযোগিতা করছেন না। পুলিশ তাকে খুঁজে পায়নি। তার নামে একটি জেনারেল ডায়েরি (GD) করা হয়েছে।
আদালতে জাহাঙ্গীরের আইনজীবী কিশোর দত্ত জবাবের জন্য সময় চেয়েছেন। ফলতার এই তৃণমূল নেতার বিরুদ্ধে মোট ৭টি মামলা দায়ের হয়েছিল। আগাম গ্রেফতার এড়াতে তিনি বারবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই সমস্ত মামলার রক্ষাকবচ এদিন তুলে নেওয়া হল।
গোটা রাজ্যের মধ্যে একমাত্র ফলতা বিধানসভা কেন্দ্রেই পুনর্নির্বাচন হয়েছিল, যেখানে জাহাঙ্গির খান তৃণমূলের প্রার্থী ছিলেন। ভোটের আগে তিনি নিজেকে 'পুষ্পা’ বলে পরিচয় দিয়ে শিরোনামে আসেন। নির্বাচনের ৪৮ ঘণ্টা আগেই তিনি ময়দান ছাড়ার ঘোষণা করেন। ফলতায় তৃণমূলের জামানত জব্দ হয়েছে, যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'ডায়মন্ড হারবার’ মডেলকে চরম বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে।












Click it and Unblock the Notifications