ওবিসি সংরক্ষণ নিয়ে শ্রম দফতরের বড় ঘোষণা, রাজ্য সরকারি চাকরিতে বদলাচ্ছে নিয়োগের নিয়ম
রাজ্য সরকার ওবিসি সংরক্ষণ নিয়ে পূর্বের বিজ্ঞপ্তি বাতিল করে নতুন নির্দেশিকা জারি করেছে। শ্রম দফতরের তরফে সরকারি চাকরিতে ৭ শতাংশ অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) সংরক্ষণের এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই সংরক্ষণকে সামনে রেখেই রাজ্য সরকারি চাকরিতে নতুন ১০০-পয়েন্ট রোস্টার চালু হয়েছে।
সোমবার কলকাতা গেজেটে প্রকাশিত এই নির্দেশিকায় তফসিলি জাতি (এসসি), তফসিলি উপজাতি (এসটি), অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি), অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি (ইডব্লুএস), প্রাক্তন সেনাকর্মী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষণের বিস্তারিত নিয়মাবলী জানানো হয়েছে। এতে গ্রুপ 'সি' ও 'ডি' পদে প্রাক্তন সেনাকর্মীদের জন্য আলাদা সংরক্ষণ রয়েছে।

শ্রম দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের সরকারি দফতর, সংস্থা, স্থানীয় সংস্থা ও সরকারি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে এই নতুন রোস্টার কার্যকর হবে। নতুন রোস্টারের ১ নং পদ এসসি, ৩ নং ইডব্লুএস এবং ৪ নং এসটি প্রার্থীদের জন্য সংরক্ষিত। ১০০ নম্বর রোস্টারে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৪টি পদ নির্ধারিত। এছাড়া, গ্রুপ 'সি’ ও 'D’ পদে প্রাক্তন সেনাকর্মীদের জন্য নির্দিষ্ট রোস্টার পয়েন্টে নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। ৩৩ ও ৬৬ নং পয়েন্ট ক্রীড়াবিদদের জন্য সংরক্ষিত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওবিসি প্রার্থীদের জন্য ৭ শতাংশ সংরক্ষণ কার্যকর থাকবে। একই সাথে, এসসি, এসটি, ওবিসি সংরক্ষণের বিদ্যমান শতাংশ কোনোভাবেই কমানো যাবে না। রাজ্য সরকারের দাবি, নতুন এই রোস্টার ব্যবস্থার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে।












Click it and Unblock the Notifications