‘অপরাজিতা অপু’–তে অবাস্তব ইন্টারভিউয়ের দৃশ্য দেখে হেসে কুটোপুটি খাচ্ছেন দর্শকরা
‘অপরাজিতা অপু’–তে অবাস্তব ইন্টারভিউয়ের দৃশ্য
জি বাংলার বেশ জনপ্রিয় ধারাবাহিক 'অপরাজিতা অপু’ ধারাবাহিকটি শুরু হয়েছিল একটি মেয়ের স্বাবলম্বী হওয়ার গল্প নিয়ে। টিআরপি তালিকাতেও মিঠাইয়ের পর পরই এই ধারাবাহিকটি দর্শকদের পছন্দ। এই ধারাবাহিকে অপু চরিত্রটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে। তবে সদ্য ধাররাবাহিকের একটি ইন্টারভিউ শোরগোল ফেলেছে নেট দুনিয়াতে। কারণ দর্শকদের একটি বড় অংশ মনে করছেন এই ইন্টারভিউ অবাস্তব তো বটেই এমনকী ইন্টারভিউয়ের যে দৃশ্যটি দেখানো হয়েছে ধারাবাহিকে তা 'গাঁজাখুরি’।

এই সিরিয়ালে অপু অর্থাৎ অর্পণা বিডিও হওয়ার ইন্টারভিউয়ে এসেছেন। আর এই দৃশ্য দেখার পরই হাসি সামলে রাখতে পারেননি দর্শকরা। কারণ এই এপিসোডে দেখানো হয়েছে ধারাবাহিকের নায়িকা অপরাজিতা ইন্টারভিউ বোর্ডের মুখোমুখি হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হয়েছে অতি সহজ কিছু প্রশ্ন। যা দেখে নেটিজেনরা মনে করছেন বাস্তবে কখনোই এ ধরনের প্রশ্ন করা হয় না কোন ইন্টারভিউতে। ফলে কমেন্ট বক্সে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন একাধিক দর্শক। কারণ দর্শকদের মধ্যে অনেকেই রয়েছেন যাঁরা একাধিক সরকারি চাকরির পরীক্ষার ইন্টারভিউ দিয়েছেন এবং তাঁদের সেই অভিজ্ঞতা থেকে জানিয়েছেন যে সেখানে কোনওভাবেই এত সহজ প্রশ্ন করা হয় না। পাশাপাশি অনেকেই জানিয়েছেন ইন্টারভিউয়ের দৃশ্যটি দেখে তাদের মনে হয়েছে ধারাবাহিকের চিত্রনাট্যকার বোধহয় গাঁজা খেয়ে গল্প লিখেছিলেন।
এর আগেও সোশ্যাল মিডিয়ায় অপরাজিতা অপু সিরিয়ালের একটি দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হয়েছিল নির্মাতাদের। সেই দৃশ্যে দেখানো হয়েছিল যে অপু জলে পড়ে গিয়েছে আর সেই জলে নাকি ডুবে যাচ্ছে অপু। কিন্তু পুকুরের সেই জলের পরিমাণ ছিল এতটই কম যে সেই জলে ডুবে কেউ যেতে পারেন না। বলাই বাহুল্য ধারাবাহিকের মাধ্যমে একটি মেয়ের স্বাবলম্বী হয়ে ওঠার যাত্রা নির্মাতারা তুলে ধরতে চাইলেও এ ধরনের অবাস্তব দৃশ্য শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
অপরাজিতা অপু সিরিয়ালে এখন অপু তাঁর স্বপ্ন পূরণের পথে এগোচ্ছে। অপুর স্বামী দীপুর পাশাপাশি এখন অপুর শাশুরি অবলা দেবীও চান অপু বিডিও হয়ে তাঁদের বংশের নাম উজ্জ্বল করুক। অন্যদিকে, অবলার বোন ও তাঁর ছেলে একের পর এক ষড়যন্ত্র করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও তাঁদের সব ফন্দি বানচাল করে দিতে সফল হচ্ছেন অপু। অপু আদৌও বিডিও হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেন কিনা তা দেখার জন্য অবশ্যই নজর রাখুন 'অপরাজিতা অপু’–তে।












Click it and Unblock the Notifications