কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর! ইনস্টাগ্রাম রিলসে চালু AI ভয়েস ট্রান্সলেশন, কোন কোন ভাষায়? জানুন
ভারতীয় ব্যবহারকারীদের জন্য এবার বড় আপডেট আনল ইনস্টাগ্রাম। এবার থেকে রিলসে AI চালিত ভয়েস ট্রান্সলেশন ও লিপ-সিঙ্ক সুবিধা মিলবে আরও পাঁচটি ভারতীয় ভাষায়। মেটা-র মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি আজই এই ঘোষণা করেছে। নতুন আপডেটে বাংলার পাশাপাশি কন্নড়, মারাঠি, তামিল এবং তেলুগু ভাষার সাপোর্টও যোগ করা হয়েছে।

ইনস্টাগ্রামের তরফ থেকে জানানো হয়েছে যে, এই ফিচারের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা মেটা AI ব্যবহার করে নিজেদের রিলস অন্য ভাষায় রূপান্তর করতে পারবেন। শুধু অনুবাদই নয়, ভিডিওতে থাকবে লিপ-সিঙ্কও। অর্থাৎ, ভাষা বদলালেও ভিডিওর মুখের নড়াচড়ার সঙ্গে মিলিয়ে অডিও শোনা যাবে। দর্শকরা চাইলে এবার থেকে রিল দেখার সময়ই পছন্দের ভাষা বেছে নিতে পারবেন।
মুম্বইয়ে আয়োজিত 'হাউস অফ ইনস্টাগ্রাম' ইভেন্টে এই ভারত-কেন্দ্রিক আপডেটগুলির কথা জানানো হয়। ইনস্টাগ্রাম জানিয়েছে যে, এই ফিচারের মাধ্যমে ভারতীয় ক্রিয়েটররা আরও বেশি দর্শকের কাছে পৌঁছতে পারবেন।
উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বর মাসে এই ভাষাগুলির কথা প্রথম ঘোষণা করা হয়েছিল। আগে থেকেই ইংরেজি, হিন্দি, স্প্যানিশ এবং পর্তুগিজ ভাষায় এই সুবিধা ছিল।
ইনস্টাগ্রামের দাবি যে, AI ভিত্তিক এই অনুবাদে কণ্ঠস্বর একেবারেই কৃত্রিম শোনাবে না। বরং বক্তার আসল গলার স্বর, আবেগ এবং টোন বজায় রেখেই ভাষা বদল হবে। এমনকি কথার ওঠানামা এবং অনুভূতিও নকল করবে AI।
এছাড়াও ভারতীয় ক্রিয়েটরদের জন্য আনা হয়েছে আরও একটি সুবিধা। এডিটস অ্যাপ (Edits app)-এ যুক্ত হচ্ছে ভারতীয় ভাষার নতুন ফন্ট। এর ফলে দেবনাগরী এবং বাংলা-অসমীয়া লিপিতে ইন-ভিডিও টেক্সট এবং ক্যাপশন লেখার সুবিধাও পাবেন ক্রিয়েটররা। এই আপডেটটি শীঘ্রই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু হবে।
সমস্তটা মিলিয়ে, এই আপডেটের মাধ্যমে ইনস্টাগ্রাম যে ভারতীয় বাজারকে আরও বিশেষ গুরুত্ব দিচ্ছে, তা আরও একবার স্পষ্ট হয়ে উঠল।












Click it and Unblock the Notifications