Lok Sabha Election Results 2024: কামাল দেখাল মহিলা ভোটাররাই, তৃণমূলের বিপুল জয়ের নেপথ্যে বড় ভূমিকা তাঁদেরই
২০১৯-এ লোকসভা ভোটের ফলাফল ভয় ধরিয়েছিল তৃণমূল শিবিরে। তখন থেকেই শুরু হয় ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা। ২০২৪-এর লোকসভা ভোটে অবশেষে সাফল্য দিল সেই পরিকল্পনাই। ৪২ আসনের মধ্যে ২৯ আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। আর ১৮ থেকে ১২তে নেমে এসেছে বিজেপি।
উত্তরবঙ্গে গড় ঘরে রাখলেও দক্ষিণবঙ্গে কিন্তু ধাক্কা খেয়েছে বিজেপি শিবির। আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর লোকসভা কেন্দ্রগুলি আবার পুনরুদ্ধার করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। এমনকী বহরমপুরেও অঘটন ঘটিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। অধীর চৌধুরী পরাজিত হয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রে। সেই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান জয়ী হয়েছে।

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেও এবার অঘটন ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানেও অর্জুন সিংকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্জুন সিং। এমনকী বসিরহাটে পর্যন্ত খেলা ঘোরাতে পারেনি বিজেপি। জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম। জিততে পারেননি সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্র।
জয়ের পর সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানিয়েছেন বাংলার মা-বোনেদের। তিনি বলেছেন তাঁদের ভরসাতেই এই ফল হয়েছে। তৃণমূলের এই ভোটের সিংহভাগটা জুড়েই যে রয়েছে মহিলা ভোটার তা আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না। সেকারণে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলার মেয়েদের সম্মান দিয়েছে এই জন্য আমি কৃতজ্ঞ। লক্ষ্মীর ভান্ডার যে কামাল দেখিয়েছে এবারের লোকসভা নির্বাচনে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
সন্দেশখালির মহিলারাও যে তাঁর সঙ্গে থেকেছেন তার জন্য ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রার্থী নির্বাচনেও মহিলা প্রার্থীর সংখ্যা বেশি রেখেছিলেন। মহিলা ভোটাররাও ঢেলে ভোট দিয়েছেন। লক্ষ্মীর ভান্ডারের টাকা ভোটের আগেই বাড়িয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ৬০ বছরের পরেও মহিলারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন তিনি। আর তাতেই কিস্তি মাত।












Click it and Unblock the Notifications