লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় দুর্গাপুজো, খুশিতে মাতোয়ারা মাথাভাঙার বাসিন্দারা
মাথাভাঙা শহরের কাছে পূর্ব খাটেরবাড়ির হাজরাহাট মোড়ে এবারই প্রথম ২০০ জন মহিলা দুর্গাপুজোর আয়োজন করছেন। 'লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকায় তাঁরা এই পুজোর প্রস্তুতি নিচ্ছেন। মহিলাদের এই উদ্যোগে তাঁদের পরিবারও পাশে দাঁড়িয়েছে।
হাজরাহাট-২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসিম আলি (মিঠু) মহিলাদের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, 'লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় মহিলারা আত্মনির্ভর হয়েছেন। এই টাকায় তাঁরা যেমন সংসারের ছোটখাটো চাহিদা পূরণ করছেন, তেমনই নিজেরা স্বচ্ছন্দ্যে খরচও করতে পারছেন। দুর্গাপুজোর এই আয়োজনে তাঁদের আত্মনির্ভরতাই প্রকাশ পেয়েছে।’ তিনি আরও আশাবাদী যে, এই পুজো দর্শনার্থীদের নজর কাড়বে।

মাথাভাঙা শহর ও আশপাশের এলাকায় দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেলেও, মহিলাদের এই অভিনব উদ্যোগকে এলাকাবাসী বিশেষভাবে দেখছেন। ইতিমধ্যেই খুঁটিপুজো সম্পন্ন হয়েছে এবং অনুদান সংগ্রহের রসিদও ছাপা হয়েছে। পুজো কমিটি খরচ ও পরিকল্পনা নিয়ে বেশ কয়েকটি বৈঠক করেছে।
পুজো কমিটির কোষাধ্যক্ষ অনীতা ঘোষ জানিয়েছেন, এবারের পুজোর বাজেট আড়াই লক্ষ টাকা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে পাওয়া টাকা থেকে সদস্যরা কেউ হাজার টাকা, কেউ পাঁচশো টাকা করে দেবেন। বাকি খরচ সাধারণ মানুষের অনুদান থেকে সংগ্রহ করা হবে।
পূজা কমিটির সভানেত্রী উজ্জ্বলা পাল বলেছেন, 'কমিটির সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় আমরা পুজোর প্রস্তুতি শুরু করেছি। পুজো যাতে সর্বাঙ্গীন সুন্দর হয়, তার জন্য চেষ্টার কোনও ত্রুটি রাখব না।’
পূর্ব খাটেরবাড়ির হাজরাহাট মোড়ে প্রতি বছর কালীপুজো হলেও দুর্গাপুজো হতো না। দুর্গাপুজো উপভোগ করতে এলাকাবাসীদের মাথাভাঙা শহরের হাসপাতালপাড়া বা রেলস্টেশন সংলগ্ন এলাকার যেতে হতো। ফলে এলাকার মহিলারা ঠিকভাবে দুর্গাপুজোর কাজে অংশ নিতে পারতেন না। এবার এলাকাতেই পুজো হতে চলায় সকলের মনে খুশির হাওয়া।












Click it and Unblock the Notifications