ডিসেম্বরে পা দিতেই পাল্টাবে আবহাওয়া, কবে নামবে শীত? জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট
নভেম্বরের শেষ ভাগে হঠাৎই বেড়ে যাওয়া তাপমাত্রায় শীতপিপাসু বাঙালির মন ভীষণই খচখচ করছে। তবে অপেক্ষার আর বেশি দেরি নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পেরোলেই বাংলার আকাশে ফিরতে চলেছে শীতের আমেজ। সপ্তাহের মাঝামাঝি থেকেই শুরু হবে পারদের ক্রমাগত পতন, সঙ্গে মিলবে সেই চেনা হালকা হিমেল হাওয়া।
গত ছয় দিনে টানা তাপমাত্রা বাড়ায় কলকাতা সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের ছোঁয়া কার্যত উধাও। নভেম্বরের মধ্যভাগে কয়েকদিন টানটান ঠান্ডা বাতাস বইলেও মাসের শেষ লগ্নে পারদ উঠে পৌঁছে গিয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াসে। ডিসেম্বরের দোরগোড়ায় দাঁড়িয়েও তাই জাঁকিয়ে শীতের দেখা নেই।

তবে আবহাওয়া অফিসের দাবি, এখনও প্রকৃত 'উইন্টার মোড' অন হয়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই গরমের আঁচ টের পাওয়া গেলেও সকাল বিকেলের হালকা শিরশিরানি বুঝিয়ে দিচ্ছে মৌসুম বদলের প্রস্তুতি চলছে আকাশে।
সোমবারের সরকারি তথ্য বলছে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এখনও ১৫ ডিগ্রির ঘরে। দক্ষিণবঙ্গের মধ্যে এদিন সবচেয়ে ঠান্ডা ছিল কল্যাণী, যেখানে পারদ নেমেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের সমতল জেলা আলিপুরদুয়ার ছিল আরও শীতল তাপমাত্রা নেমে এসেছে ১৩ ডিগ্রিতে।
সব মিলিয়ে, ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষে শীতের 'রিটার্ন টিকেট' নিশ্চিত বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এবার শুধু অপেক্ষা কবে সকালের কুয়াশা আর রাতের ঠান্ডা হাওয়া সত্যিই জানান দেবে "শীত এসে গেছে!"












Click it and Unblock the Notifications