সপ্তাহান্তে বাড়বে শীতের ছোঁয়া, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট
বঙ্গের আকাশে নামছে শুষ্কতার দাপট। শীতের দোরগোড়ায় দাঁড়ানো ডিসেম্বরের শুরুতেই জানিয়ে দিল হাওয়া অফিস আগামী পুরো সপ্তাহেই বৃষ্টির কোনও খবর নেই রাজ্যে। ফলে সপ্তাহান্তে বেড়াতে বেরোতে চাইলে আবহাওয়া থাকবে একেবারেই অনুকূল।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। সিস্টেমটি এখন তামিলনাডু, পন্ডিচেরি ও অন্ধ্রপ্রদেশ উপকূলের সমুদ্রের কাছে অবস্থান করছে। এখানেই ধীরে ধীরে শক্তি হারাবে এই আবহাওয়া ব্যবস্থা। ফলে এর কোনও প্রভাবই পড়ছে না বাংলার আকাশে।

আগামী সাতদিন জুড়ে রাজ্য জুড়ে থাকবে শুষ্ক আবহাওয়া। বৃষ্টি ফিরবে না কোথাও।
পরবর্তী দুই দিনে ধীরে ধীরে নামবে তাপমাত্রা। সপ্তাহান্তে আরও স্পষ্টভাবে মিলবে শীতের আমেজ।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল তা নেমে পৌঁছতে পারে ১৬ ডিগ্রিতে।
আরও দু'দিন পরে শহরের পারদ ১৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে অনুমান আলিপুর আবহাওয়া দপ্তরের।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২ থেকে ৩ দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
সকালে মিলবে শিশিরের ছোঁয়া, মাঝে মাঝেই কুয়াশা পরে আকাশ থাকবে ঝকঝকে রোদেলা। উপকূলবর্তী এলাকায় কুয়াশা পড়ার সম্ভাবনা তুলনামূলক বেশি।
উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। সকালের দিকে থাকবে হালকা কুয়াশার পর্দা, তারপর ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠবে আকাশ। আগামী তিন থেকে চার দিনের মধ্যে এখানেও তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে এবং তারপর স্থির থাকবে।
সব মিলিয়ে, আকাশে রোদ, বাতাসে শীত ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলায় শুরু হয়ে গেল শীতের প্রস্তুতি।












Click it and Unblock the Notifications