ভোট ঘোষণার পরেই কড়া পদক্ষেপ! মার্চে কোন কোন পুলিশ আধিকারিকের বদলি? বিস্তারিত রিপোর্ট চাইল কমিশন
বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। আর ঘোষণা হওয়ার পর পরই রাজ্যের পুলিশ প্রশাসন সংক্রান্ত তথ্য চাইল নির্বাচন কমিশন। কোন কোন পুলিশ আধিকারিককে মার্চ মাসে বদলি করা হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট আজ সকাল ১১টার মধ্যে জমা দিতে বলা হয়েছিল। এআর এই বিষয়েই রাজ্য পুলিশের কাছে চিঠি পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

চিঠিতে জানানো হয়েছে যে, ২৮ ফেব্রুয়ারির পর রাজ্যে যেসমস্ত পুলিশ আধিকারিকের বদলি হয়েছে, তাঁদের নামের তালিকা ও বদলি সম্পর্কিত নির্দেশিকার কপি কমিশনের কাছে পাঠাতে হবে। এইসংগে কোনও পুলিশ অফিসারকে অবসর নেওয়ার পর নতুন করে কোনও দায়িত্ব দেওয়া হয়েছে কি না, সেটিও জানাতে বলা হয়েছে।
সেই সাথে আরও একটি তথ্য চেয়েছে নির্বাচন কমিশন। ২০২১ সালের বিধানসভা ভোটের পরবর্তী হিংসা এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে, ভোটের দিন এবং পরে যে সমস্ত থানার দায়িত্বে পুলিশ অফিসাররা ছিলেন, তাঁদের নামের তালিকাও জমা দিতে হবে। আজ বিকেল ৪টার মধ্যেই সেই তথ্য পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রবিবারই অর্থাৎ গতকালই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। গতকাল দিল্লিতে সাংবাদিক বৈঠক করে ভোটের সূচি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দিল্লির বিজ্ঞান ভবন থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গে এই বার মোট দুই দফায় ভোট হবে, ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। প্রথম দফায় ১৫২টি এবং দ্বিতীয় দফায় ১৪২ টি কেন্দ্রের ভোট হবে। সমস্ত দফার ভোট শেষ হওয়ার পর ফল ঘোষণা করা হবে ৪ মে।
রাজ্যে বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা হওয়ার ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই বড় এক প্রশাসনিক সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। মুখ্যসচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরানো হয়েছে এবং সেই সঙ্গে স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কমিশন জানিয়ে দিয়েছে যে, ভোট প্রক্রিয়া যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে ঠিক ততদিন পর্যন্ত তাঁরা নির্বাচনের কোনওরকম কাজে যুক্ত থাকতে পারবেন না। নন্দিনীর চক্রবর্তীর পরিবর্তে নতুন মুখ্যসচিব হিসেবে ১৯৯৩ ব্যাচের আইএএস আধিকারিক দুষ্মন্ত নারিওয়ালা সেই দায়িত্ব পাচ্ছেন। অন্যদিকে আবার, নতুন স্বরাষ্ট্রসচিব হিসেবে সংঘমিত্রা ঘোষকে নিয়োগ করা হয়েছে, যিনি হলেন ১৯৯৭ ব্যাচের আইএএস অফিসার। তাঁদের আজ দুপুর ৩টের মধ্যে নতুন দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications