ভোটকেন্দ্রের বেহাল দশা! নেই বিদ্যুৎ, জল, শৌচালয়! বুথ-পরিকাঠামো নিয়ে কমিশনের থেকে রিপোর্ট চাইল হাইকোর্ট
রাজ্যের একাধিক ভোটকেন্দ্রে ন্যূনতম পরিকাঠামোর অভাব রয়েছে, এই অভিযোগকে গুরুত্ব দিয়েই এবার নির্বাচন কমিশনের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে কলকাতা হাই কোর্ট। আদালত জানতে চেয়েছে যে, পশ্চিমবঙ্গের বুথগুলির বর্তমান পরিস্থিতি নিয়ে কমিশন কী পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতে আর কী পরিকল্পনা রয়েছে।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের করা জনস্বার্থ মামলার শুনানিতে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে, ভোটকেন্দ্রগুলির পরিকাঠামো পর্যবেক্ষণ করা এবং উন্নয়ন করার মূল দায়িত্ব নির্বাচন কমিশনেরই। প্রয়োজন অনুযায়ী কমিশন রাজ্য সরকারকে নির্দেশ দিতে পারে। তবে জানানো হয়েছে যে, কমিশনের লিখিত বক্তব্য না পাওয়া পর্যন্ত আদালত কোনও নির্দেশ দিচ্ছে না।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে যে, নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে প্রতিটি বুথে বিদ্যুৎ, পানীয় জল, শৌচালয় থেকে শুরু করে ভোটারদের জন্য ন্যূনতম সুযোগ-সুবিধা থাকা বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে রাজ্যের এরকম অনেক বুথ আছে যেগুলিতে এই পরিষেবাগুলি ঠিকভাবে নেই বলে অভিযোগ। যে কারণে ভোটের দিন সকাল থেকে লাইনে দাঁড়ানো ভোটারদের প্রত্যেকবার চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
শুনানিতে আরও জানানো হয়েছে যে, আগে বুথগুলির পরিকাঠামো উন্নয়নের কাজ রাজ্য সরকারের সংস্থা ম্যাকিনটোশ বার্নকে দেওয়া হয়েছিল। কিন্তু মাঝপথে সেই সংস্থাটি কাজ ছেড়ে দেয়। ফলে এখনও বহু বুথের অবস্থা অত্যন্ত খারাপ।
বিধানসভা নির্বাচন সামনে থাকার কারণে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপ চেয়ে দ্রুত বুথগুলির পরিকাঠামো উন্নয়নের দাবিও জানানো হয়েছে।
আদালত জানিয়েছে যে, নির্বাচন কমিশনের কাছ থেকে লিখিত রিপোর্ট পাওয়ার পরই এক সপ্তাহের মধ্যে মামলার পরবর্তী শুনানি হবে। তখন সমস্ত পক্ষের বক্তব্য শুনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।












Click it and Unblock the Notifications