West Bengal Weather Update: বজ্রবিদ্যুৎ-শিলাবৃষ্টি জেলায় জেলায়, লাল-কমলা-হলুদ সতর্কতা জারি মৌসম ভবনের
West Bengal Weather Update: বৃহস্পতিবার থেকে রাজ্যে দুর্যোগের ঘনঘটা। লাল-কমলা ও হলুদ সতর্কতা জারি মৌসম ভবনের (IMD)। বেলা গড়াতেই কালো হয়ে আসে আকাশ। যেন দিনেই আঁধার নেমেছে। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। শিলাবৃষ্টি একাধিক জেলায়। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। চাষাবাসে ব্যাপক ক্ষতির আশঙ্কা। জলও জমে গিয়েছে কলকাতা-সহ জেলার বহু এলাকায়।
গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জন্য ইতিমধ্যেই লাল কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। লাল সতর্কতা (Red Warning) জারি হয়েছে চার জেলায়। হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে লাল সতর্কতা জারি করা হয়েছে।

এই চার জেলায় সর্বাধিক ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি চলবে এই জেলাগুলিতে। একইসঙ্গে শিলাবৃষ্টিও (Hail) হতে পারে এই চার জেলার বিভিন্ন অংশে।
কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের ৭টি জেলায়। সেগুলি হল নদিয়া, হাওড়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান। এই সমস্ত জেলায় সর্বাধিক ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হবে এই জেলাগুলিতে।
এছাড়াও তিনটি জেলায় হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে। পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি হয়েছে। এখানে বজ্রবিদ্যুৎ ও একেবারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। আলিপুর আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল বৃষ্টির কথা। সেই পূর্বাভাস মিলেও গিয়েছে।
পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়াতে ব্যাপক বৃষ্টি ও শিলাবৃষ্টিও হয়েছে। বাঁকুড়া জেলার মধ্যে সর্বাধিক শিলাবৃষ্টি হয়েছে গঙ্গাজলঘাটির ভক্তাবাঁধ গ্রামে। ঝোড়ো হাওয়ার কারণে নড়রা গ্রাম পঞ্চায়েতের উপরবাঁধা গ্রামে একটি তাল গাছ উল্টে যায়। জেলার জয়পুর কোতুলপুর, সোনামুখী ব্লক এলাকার আলু চাষের জমিতে জল জমতে শুরু করেছে।
বেলা থেকে আকাশের মুখ ভার। আকাশ কালো করে হাওড়াতেও শুরু হয়েছে তুমুল বৃষ্টি। আসানসোলেও শুরু হয়েছে বৃষ্টিপাত। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত শুরু হয়েছে সকাল থেকেই। বৃষ্টির জেরে ক্ষতি আমের মুকুলেও। জল জমে গিয়েছে চাষের জমিতে। ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।












Click it and Unblock the Notifications