West Bengal Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সোমবার পর্যন্তই, মঙ্গল থেকেই বদলাবে আবহাওয়া! বাড়বে গরম
West Bengal Weather Update: রবিবারও রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টিও কোথাও কোথাও হতে পারে। শনিবার তেমন বৃষ্টি না হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় শুক্রবারের তুলনায় গরমজনিত অস্বস্তি বেড়েছিল। যদিও বিকেলের দিকে হাওয়ার জেরে খানিকটা স্বস্তি মিলেছিল। রবিবার ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে দোসর হতে পারে ঝোড়ো হাওয়া।
পঞ্জাব, অসম, উত্তরপ্রদেশ ও উত্তর বাংলাদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। ঝাড়খণ্ড থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখাও। বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয় বাষ্প ঢুকছে। যার জেরেই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে। রবিবার দুপুরের পর থেকেই বৃষ্টি নামতে পারে। বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার বেশ কিছু এলাকায় বৃষ্টি হবে। সোমবার বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলিতেও। বৃষ্টির হলুদ সতর্কতা জারি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইবে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কোথাও কোথাও সেই গতি সর্বোচ্চ ঘণ্টায় ৫০ কিমিও হতে পারে। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে।
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার। বিশেষ করে উপরের দিকে পার্বত্যময় জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা। ২৪ এপ্রিল পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। আপাতত উত্তরবঙ্গে টানা ঝড়বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
রবিবার কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রার হেরফের হবে না বলেই পূর্বাভাস। তবে মঙ্গলবার থেকে শুকনো আবহাওয়াই থাকতে পারে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। সপ্তাহান্তে ফের সামান্য কমতে পারে সর্বোচ্চ তাপমাত্রা।












Click it and Unblock the Notifications