West Bengal Weather Update: প্রবল গরমে পুড়বে দক্ষিণবঙ্গ, বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়? জানুন আবহাওয়া আপডেট
West Bengal Weather Update: ঝড় বৃষ্টির পালা কাটিয়ে এবার ব্যাপক গরমের পূর্বাভাস দক্ষিণবঙ্গে। ক্রমশ উপরের দিকে উঠবে পারদ। হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ছুঁইছুঁই হতে পারে বলে পূর্বাভাস। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। বরং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে গরমজনিত অস্বস্তি। রাতের তাপমাত্রাও বাড়বে বলেই পূর্বাভাস।
বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পৌঁছতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে সম্ভাবনা। চলতি সপ্তাহে ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। এমনকি, রাজ্যের পশ্চিমের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে বলে খবর।

বৃহস্পতিবার থেকে উত্তরের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি শুরু হতে পারে। শুক্রবার উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে বলেও পূর্বাভাস। উত্তরবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়।
বৃহস্পতিবার শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে ৩৫ ডিগ্রির আশেপাশেই থাকবে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা। এদিকে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা লাফিয়ে বাড়বে। পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে তাপমাত্রা অনেকটাই বাড়বে বলে পূর্বাভাস। পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে লু বইতে পারে বলেও সম্ভাবনা।
বৃহস্পতিবার শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারেও। এদিকে, মৌসম ভবন জানিয়েছে দিল্লি-সহ গোটা উত্তর ভারতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। রাজস্থান ও গুজরাটেও তাপপ্রবাহ হবে। পড়শি রাজ্য ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহারেরও নানা জায়গায় তাপপ্রবাহের শঙ্কা। দক্ষিণ ভারতে কর্ণাটক, কেরল ও তামিলনাড়ুতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।












Click it and Unblock the Notifications