West Bengal Weather Update: রবিবারও ঝড়বৃষ্টির ভ্রুকুটি, কালবৈশাখী যেতেই চড়বে পারদ; কেমন থাকবে আবহাওয়া?
West Bengal Weather Update: টানা চারদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস ছিলই। সেইমতো রবিবারও বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না। রবিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। বিকেলের দিকে কালবৈশাখীর দাপট দেখা দিতে পারে একাধিক জেলায়। টানা বৃষ্টির জেরে কমেছে তাপমাত্রাও। রবিবার তা আরও কমতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
রবিবার বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, রবিবার দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতেই হালক থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। গঙ্গার পূর্বপাড় বরাবর মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে।

রবিবার বৃষ্টিতে ভিজবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরও। উত্তরবঙ্গের সব জেলাতেই আবার রবিবার বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। মালদহ, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আর বৃষ্টির সম্ভাবনা নেই।
বৃষ্টির দোসর হবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এদিকে বৃষ্টির জেরে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে গিয়েছে। রীতিমতো ফের শীতের আমেজ অনুভব হতে শুরু করেছে। রবিবার কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সোমবার থেকে তা আবার বৃদ্ধি পাবে।
অন্যদিকে, শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা রবিবার ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সোমবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস করে বাড়বে সেখানেও। তবে বৃষ্টির জেরে গরমের হাত থেকে রেহাই মিললেও নতুন সপ্তাহের মাঝামাঝি ফের চড়বে পারদ। সপ্তাহান্তে ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা।












Click it and Unblock the Notifications