West Bengal Weather Update: সপ্তাহজুড়ে কলকাতা-সহ জেলায় জেলায় ঝড়বৃষ্টি, জেনে নিন আবহাওয়া আপডেট
West Bengal Weather Update: চৈত্রের শেষে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। চলতি সপ্তাহের গোটাটাই কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস। পাশাপাশি উত্তরবঙ্গেও হতে পারে ঝড়বৃষ্টি। আগামী ২ থেকে ৩ দিনে কমতে পারে তাপমাত্রাও। প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমবে তাপমাত্রা। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
সোমবার কলকাতা ও সংলগ্ন এলাকার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও রাতের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার থেকে বৃষ্টির কারণে খানিকটা কমে সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে। সোমবার সাধারণত দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে। বিকেলে বা সন্ধের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতা-সহ জেলায় জেলায়।

বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গেই বইতে পারে দমকা হাওয়া। বিকেলের দিকে দমকা হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার। আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা নেই। কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল এলাকায় সমুদ্র অস্থির থাকতে পারে। সেই কারণে সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়াতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে হাওয়া অফিসের তরফে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে দার্জিলিং সহ একাধিক জেলায় আগামী কয়েকদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। দার্জিলিং, কালিম্পং সঙ্গে কোচবিহার এবং মালদহ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা।
এদিকে পশ্চিমের কিছু জেলার দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাত। প্রসঙ্গত, রাজস্থান ও অসমের উপর রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকার উপরেও ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে । মৌসম ভবন জানিয়েছে, 8 এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।












Click it and Unblock the Notifications