West Bengal Weather Update: শুক্রবার পর্যন্ত দুর্যোগ! রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির কমলা সতর্কতা
West Bengal Weather Update: এপ্রিলের শেষ হবে ঝড়বৃষ্টির সঙ্গেই। পূর্বাভাস মতোই সোমবার কালবৈশাখীর দাপট ছিল দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কলকাতা ও শহরতলি-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি ও দমকা হাওয়ার প্রকোপ ছিল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলেও একই পরিস্থিতি থাকবে। শুক্রবার পর্যন্ত এমনই ঝড় বৃষ্টি দেখবে গোটা বাংলা।
বৈশাখের মাঝামাঝি হলেও চাঁদিফাটা গরম থেকে রেহাই মিলেছে। আপাতত দক্ষিণবঙ্গে কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই। বরং বিকেল হতেই আকাশ কালো হয়ে আধার ঘনাবে। বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কাও থাকছে। মঙ্গলবার রাজ্যজুড়ে বৃষ্টি হবে। পাশাপাশি সব জেলাতেই ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বাজ পড়তে পারে ঘন ঘন। যার জেরে রাজ্যের সব জেলায় কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

তবে তাপমাত্রা কমায় আবহাওয়া দিনের বেলাতে মনোরমই থাকবে। দিনভর আকাশও মেঘলাই থাকবে। কলকাতায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বুধবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা কমে ২৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। প্রখর রোদের চোখরাঙানি ও গরমজনিত অস্বস্তি আপাতত থাকছে না।
মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ওই জেলাগুলিতে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতেই। উপরে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস। মূলত উত্তর পূর্ব বাংলাদেশের উপর একটি উচ্চচাপ বলয় রয়েছে। ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ধেয়ে আসছে রাজ্যের দিকে। এর ফলে পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications