Weather Update: আবহাওয়াতে বড় বদল, থাকবে মেঘলা আকাশ, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
West Bengal Weather Update: সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা ছিল কলকাতা এবং শহরতলির আকাশ। এমনকী দক্ষিণবঙ্গের বহু জেলাতেও বুধবার সকাল থেকে ছবিটা ছিল একই রকম। তবে বেলা বাড়তেই দেখা গিয়েছে রোদের। নেই একেবারেই ঠান্ডা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অস্বস্তিকর গরম।
এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা পৌঁছে গিয়েছে ২১ ডিগ্রিতে। এই অবস্থায় বাংলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update: রাজ্যে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, অসমে বর্তমানে রয়েছে একটি ঘুর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। এছাড়াও জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। রাজস্থানেও তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার প্রভাব পড়ছে বাংলাতেও। ঠান্ডার দেখা নেই। বরং রাজ্যে প্রচুর পরিমাণে ঢুকছে জলীয় বাষ্প। এর ফলে কুয়াশার সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও বাড়বে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
West Bengal Weather Update: কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর হাওয়া অফিস সূত্রে আগামী ২৪ ঘণ্টায় স্বাভাবিকের ওপরেই থাকবে তাপমাত্রা। তবে শুক্রবার থেকে সামান্য নামবে পারদ। কলকাতা সহ সংলগ্ন এলাকায় শীতের আমেজ খুব একটা ফিরবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে পশ্চিমের জেলায় হালকা শীতের আমেজ সকাল সন্ধ্যা থাকবে। অন্যদিকে সকালে আংশিক মেঘলা আকাশ ও পরে মূলত পরিষ্কার আকাশ থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদীয়া জেলাতে।
West Bengal Weather Update: কেমন থাকবে কলকাতার তাপমাত্রা
এক ধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ৯৩ শতাংশ। সকালের দিকে কলকাতা এবং সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত ভাবে মাঝারি ঘন কুয়াশা হতে পারে। শীতের আমেজ কার্যত উধাও শহরে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
West Bengal Weather Update: কেমন থাকবে উত্তরবঙ্গের পূর্বাভাস?
আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং'য়ের পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সঙ্গে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা আছে বলেও জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। তবে কাল বৃহস্পতিবার থেকে পরিষ্কার আকাশের সম্ভাবনা আছে বলেও পূর্বাভাস।
অন্যদিকে উত্তরবঙ্গের চার জেলাতে আজ বুধবার হালকা থেকে মাঝারি কুয়াশার কথা বলা হয়েছে। কুয়াশা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। বাকি জেলাতে হালকা কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications