West Bengal Weather Update: চারদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া! বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি কোন কোন জেলায়? জানুন আপডেট
West Bengal Weather Update: আরও চারদিন ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। ভ্যাপসা গরম থেকে রেহাই মিলবে। রাজ্যে আগামী ২০ এপ্রিল রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাই আপাতত তীব্র দাবদাহ থেকে মুক্তি। বৃষ্টির সঙ্গে দোসর হবে দমকা হাওয়া। প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও হবে বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টি ও কালবৈশাখীর আশঙ্কা। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়ার কোথাও কোথাও সর্বোচ্চ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বাকি জেলাগুলিতে হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ওই সমস্ত জেলাগুলিতে।

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। সকালে সামান্য বৃষ্টি হতে পারে মহানগরে। আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। রাতে তুমুল বৃষ্টি হতে পারে। শুক্রবার আরও বাড়বে সেই বৃষ্টির পরিমাণ। তবে কলকাতায় অসহ্য গরম আপাতত উধাও। মোটের উপর মনোরম রয়েছে আবহাওয়া। বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন স্থানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। শুক্রবার বৃষ্টির জেরে সর্বোচ্চ তাপমাত্রা নামতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসে।
শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির দাপট বাড়বে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হবে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার দু-একটি জায়গায়। বাকি জেলাগুলিতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। আপাতত গাঙ্গেয় বঙ্গে তাপমাত্রার কোনও হেরফের লক্ষ্য করা যাবে না।
২২ এপ্রিল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। শুক্রবার পর্যন্ত বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেখানে। উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হবে বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরে সিকিম থেকে দক্ষিণে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। আবার মধ্যপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। এর ফলে বঙ্গোপসাগর থেকে ব্যাপক পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করেছে। তাই আপাতত তাপপ্রবাহকে দূরে সরিয়ে বাংলাজুড়ে ঝড়বৃষ্টির দাপট অব্যাহত।












Click it and Unblock the Notifications