West Bengal Weather Update: মার্চেই তাপপ্রবাহ জেলায় জেলায়, গরমে পুড়বে কলকাতাও; সতর্কতা আবহাওয়া দফতরের
West Bengal Weather Update: মার্চেই তাপপ্রবাহের চোখরাঙানি। রবিবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহ চলবে। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার বেশি থাকবে এই চার জেলার তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে।
কলকাতায় ইতিমধ্যেই ৩৩ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গেছে তাপমাত্রা। অন্যদিকে পশ্চিম বর্ধমানের পানাগড়ে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গেছে তাপমাত্রা। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এবং বাঁকুড়ার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। কলাইকুন্ডা ও পুরুলিয়াতেও তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

শহরের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ২৬ থেকে ৯১ শতাংশ। ভোরবেলায় ও সন্ধেতে সামান্য সময়ের জন্য মনোরম আবহাওয়া থাকবে। ধীরে ধীরে দিনে উষ্ণতা বাড়বে। রাতেও গরম এবং অস্বস্তি বজায় থাকবে। আপাতত পরিষ্কার আকাশই থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সপ্তাহান্তে দাবদাহের মত পরিস্থিতি হতে পারে।
এদিকে উত্তরবঙ্গে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। শুক্রবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং ও পার্বত্য জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হালকা ঝড় ও বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলারও কিছু অংশে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। সপ্তাহান্তে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গেও। অসম, রাজস্থান ও মলদ্বীপে রয়েছে ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। অক্ষরেখা রয়েছে তামিলনাডু উপকূলে, এবং অসম ও সংলগ্ন এলাকায়।
এদিকে উত্তর ও উত্তর পশ্চিমের গরম হওয়ার প্রভাবে লু বইবে ওড়িশা এবং ঝাড়খণ্ডে। তার প্রভাব পড়বে বাংলার কয়েকটি জেলাতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বেশ কয়েকটি রাজ্যে। দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টির আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু, পন্ডিচেরি ও করাইকাল এলাকায়। ভারী বৃষ্টি হবে কেরল ও মাহেতে।
জম্মু-কাশ্মীর, লাদাখ ও মোজাফফরবাদেও আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরাতে। চার রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি। গুজরাটে তাপপ্রবাহের প্রভাব সব থেকে বেশি। রাজস্থান ও গুজরাটের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি। তাপপ্রবাহ শুরু হবে বিদর্ভ এবং ওড়িশা রাজ্যে। গরম অস্বস্তিকর আবহাওয়া কর্ণাটক এবং কঙ্কন ও গোয়াতে।












Click it and Unblock the Notifications