Tab Scam: ফের 'তরুণের স্বপ্ন' চুরি! পড়ুয়াদের টাকা দেওয়ার নিয়ম আরও কড়া, যাচাই হবে পাঁচবার
West Bengal Tab Scam: ফের 'তরুণের স্বপ্ন' প্রকল্পে চুরি! নতুন করে ফের ১০ টি স্কুলের ৫৩ জন ছাত্র ছাত্রীর ট্যাব কেনার টাকা 'হ্যাক'! এমনই বিস্ফোরক খবর উঠে আসছে বাঁকুড়া থেকে। সূত্রের খবর, এর মধ্যে সিমলাপাল মঙ্গলময়ী বালিকা বিদ্যালয়ের ১৭ জন ছাত্রী ও গঙ্গাজলঘাটির নিত্যানন্দপুর ২৪ জন ছাত্র ছাত্রীর ট্যাব কেনার টাকা গায়েব হয়ে গিয়েছে।
আর এই ঘটনা সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। স্থানীয় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে 'তরুণের স্বপ্ন' প্রকল্পে পড়ুয়াদের টাকা দেওয়ার ক্ষেত্রে এবার আরও কড়া হচ্ছে শিক্ষা দফতর (West Bengal Tab Scam) ।

পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর আগে পর্যন্ত অন্তত পাঁচবার পুরো প্রক্রিয়া খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে। এই কেলেঙ্কারির সামনে আসার পরেই টাকা দেওয়ার ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার মডেল যাতে শিক্ষা দফতর ফলো করে সে বিষয়ে নবান্নের তরফে বার্তা দেওয়া হয়।
আর এরপরেই উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর। এমনকি পড়ুয়াদের টাকা দেওয়ার ক্ষেত্রে আরও কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও খবর। যেমন পড়ুয়াদের দেওয়া অ্যাকাউন্ট নম্বর এবং সংশ্লিষ্ট পড়ুয়ার নামেই সেই অ্যাকাউন্ট কিনা তা খতিয়ে দেখা হবে প্রথমে। প্রথমে পুরো বিষয়টি স্কুল দেখবে। এরপর ব্লক স্তরে স্কুল ইনস্পেক্টর খতিয়ে দেখবেন পুরো বিষয়টি।
এখানেই শেষ নয়, ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর (ডিআই)-এর কাছেও এই সংক্রান্ত রিপোর্ট পাঠানো হবে। তারাও আলাদা ভাবে পুরো বিষয়টি খতিয়ে দেখবেন বলেই খবর। সব কিছু ঠিক থাকলে শিক্ষা দফতরে তালিকা আসবে। পাল্টা বিকাশ ভবনের তরফেও পুরোটা আরও একবার যাচাই করা হবে। এরপরেই ব্যাঙ্কের কাছে প্রাপকদের তালিকা পাঠানো হবে। সব কিছু ঠিক থাকলে সেই তালিকা আবার পাঠানো হবে শিক্ষা দফতরে। তার পরেই শিক্ষা দফতর সেই তালিকা অর্থ দফতরে পাঠাবে। তারাই পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে।
বলে রাখা প্রয়োজন, একের পর এক ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। এই প্রসঙ্গে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, কেলেঙ্কারির পিছনে আছে আন্তঃরাজ্য অসাধু চক্র। আর এই সংক্রান্ত প্রমাণ্য নথি হাতে এসেছে। এমনকি রাজস্থান, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডেও এহেন অসাধু চক্র কাজ করছে। ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওই পুলিশ আধিকারিক।












Click it and Unblock the Notifications