WB State Budget Big Announcements: ডিএ থেকে বাংলার বাড়ি, একনজরে দেখে নিন রাজ্য বাজেটের বড় ঘোষণাগুলি
WB State Budget Big Announcements: বুধবার রাজ্য বাজেট পেশ করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট এটিই। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে পূর্ণাঙ্গ বাজেটে কোন কোন খাতে রাজ্য বিশেষ নজর দেয়, তা নিয়ে উদগ্রীব ছিল সবপক্ষই।
মোট ৩ লক্ষ ৮৯ হাজার ১৯৪.০৯ কোটি টাকার বরাদ্দ ঘোষণা হল রাজ্য বাজেটে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে পেশ করা হবে অন্তর্বর্তী বা ভোট অন অ্যাকাউন্ট বাজেট।

আর তাই ২০২৫ সালের তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে নিঃসন্দেহ তাৎপর্যপূর্ণ। এদিন বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন অর্থ প্রতিমন্ত্রী। ডিএ বৃদ্ধি, ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে কী কী বড় ঘোষণা করা হল? দেখে নিন একনজরে।
- ডিএ বৃদ্ধি: প্রথমেই যে বড় সিদ্ধান্তের কথা বলতেই হয়, তা হল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ওরফে মহার্ঘ ভাতা বৃদ্ধি। ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে বাজেটে। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ১৪ শতাংশ থেকে বেড়ে দাঁড়াল ১৮ শতাংশ। এপ্রিল থেকেই তা কার্যকর হতে চলেছে। যদিও কেন্দ্রের সঙ্গে ফারাক এখনও ৩৫ শতাংশের। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে ডিএ পান।
- বাংলার বাড়ি: রাজ্য সরকারের 'বাংলার বাড়ি' প্রকল্পে আতিরিক্ত ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি দেওয়ার কথা ঘোষণা করা হল রাজ্যের বাজেটে। ৯ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হল বাংলার বাড়ি প্রকল্পে। ২০২৬ সালের আগে ২টি কিস্তিতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাবেন উপভোক্তারা। বাংলার বাড়ি প্রকল্পের যে প্রথম পর্যায় বর্তমানে চলছে, তাতে ৭২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
- ঘাটাল মাস্টার প্ল্যান: ফি বছর বন্যার দুর্দশার চেনা ছবি পাল্টাতে এবার ঘাটাল মাস্টার প্ল্যানে ঢালাও বরাদ্দ রাজ্য সরকারের। বাজেটে অর্থ প্রতিমন্ত্রী জানালেন, ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২ বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হবে।
- আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন: ৭০ হাজার আশাকর্মীকে স্মার্টফোন দেওয়া হবে বলে রাজ্য বাজেটে ঘোষণা। বিনামূল্যে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন দেওয়া হবে। এই খাতে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য বাজেটে।
- নদীবন্ধন: 'নদীবন্ধন' নামে নতুন প্রকল্পের ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী। নাম থেকেই স্পষ্ট. নদী তীরবর্তী এলাকার মানুষদের জন্যই এই প্রকল্প। নদী কেন্দ্রিক মানুষদের উন্নয়নের জন্যই এই নতুন প্রকল্প 'নদীবন্ধন'। নদী ভাঙন রোধে রাজ্য সরকারের তরফে ২০০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য।
- গঙ্গাসাগর সেতু: গঙ্গাসাগরে সেতু তৈরি করার জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল রাজ্যের বাজেটে। প্রায় ১৩ একর জমি কেনার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সেতু নির্মাণের জন্য টেন্ডার ডাকা হয়েছে। ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ চার লেনের সেতু নির্মাণে ১৫০০ কোটি টাকার মতো খরচ হবে বলে অনুমান করা হচ্ছে।
এছাড়াও কৃষিবিভাগের জন্য ১০ হাজার কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। বাজেটে বড় ঘোষণা করা হয়েছে গ্রামীণ উন্নয়নেও। পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তাঘাট নির্মাণের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উত্তরবঙ্গের উন্নয়নে ৮৬৬.২৬ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিমাঞ্চল উন্নয়নে ৭৫৬.৮০ কোটি টাকা বরাদ্দ করার কথা বলেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।












Click it and Unblock the Notifications