বিএলওদের নিরাপত্তার বিষয়ে রাজ্য সরকারকে বিশেষ বার্তা দিলেন রাজ্যপাল, নির্বিঘ্নে এসআইআর চান বোস
এসআইআরের কাজে নিযুক্ত বিএলওদের নিরাপত্তা সংক্রান্ত বন্দোবস্তের জন্য রাজ্য সরকারকে বিশেষ বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
যাতে বুথ লেভেল অফিসার (বিএলও)-দের কোনওভাবে হুমকি দেওয়া না হয় এবং গুরুত্বপূর্ণ বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া কোনও বাধা ছাড়াই সম্পন্ন হয় তার নিশ্চিতকরণ চান রাজ্যপাল।

লোকভবনের এক্স পোস্ট অনুযায়ী, বিএলওদের নিরাপত্তা এবং পশ্চিমবঙ্গে এসআইআর কার্যক্রমে বিঘ্ন রোধে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজ্যপাল এই নির্দেশনা দিয়েছেন।
তিনি পরামর্শ দিয়েছেন, রাজ্য সরকার যেন জেলা প্রশাসনকে গ্রাম, শহর ও নগর জুড়ে বিএলও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেয়। এ ছাড়াও, গণনা বা সমীক্ষা অভিযানের সময় বিএলওদের সঙ্গে পর্যাপ্ত সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করার জন্যও তিনি সরকারের কাছে অনুরোধ করেছেন।
রাজ্যপাল আরও চেয়েছেন যে, বিএলওরা যাতে তাঁদের দায়িত্ব নির্বিঘ্নে পালন করতে পারেন, তার জন্য প্রয়োজনীয় মৌলিক সুবিধাগুলি সরকার নিশ্চিত করুক। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট সম্প্রতি সমস্ত রাজ্যকে ভোটার তালিকা সংশোধনের এসআইআর প্রক্রিয়ায় যুক্ত বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নির্দেশ দিয়েছে।












Click it and Unblock the Notifications