হুমায়ুন কবীরকে ঘিরে 'গো ব্যাক', 'চোর' স্লোগান, মুর্শিদাবাদে ভোট চলাকালীন তীব্র উত্তেজনা
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে ভোট দেখতে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়লেন আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবীর। বৃহস্পতিবার সকালে নওদা থানা এলাকার শিবনগর গ্রামের ১৭৩ নম্বর বুথে পৌঁছতেই স্থানীয়দের বাধার মুখে পড়েন তিনি। বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়।
হুমায়ুন কবীরকে ঘিরে 'চোর চোর', 'গো ব্যাক' এবং 'বিজেপির দালাল' স্লোগানে উত্তাল হয় এলাকা। এই অবস্থায় আমজনতা উন্নয়ন পার্টি সুপ্রিমো ধৈর্য হারিয়ে বিক্ষোভকারীদের দিকে তেড়ে যান, যা মুহূর্তে এক বিশৃঙ্খল পরিস্থিতির জন্ম দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, যারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পরপরই হুমায়ুন কবীর রাস্তায় অবস্থান বিক্ষোভে বসে পড়েন। তাঁর অভিযোগ, তৃণমূল অশান্তির পরিস্থিতি তৈরি করেছে। তিনি বলেন, "এর শেষ দেখে ছাড়ব।"
এদিকে মুর্শিদাবাদের ডোমকলে বাম সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, যার তীর সরাসরি তৃণমূলের দিকে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে নির্বাচন কমিশন ইতোমধ্যে একটি বিস্তারিত রিপোর্ট তলব করেছে।
উল্লেখ্য, ভোটের আগের রাত থেকেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা উত্তপ্ত ছিল। তৃণমূল ও বাম সমর্থকদের সংঘর্ষ এবং তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে বোমাবাজির ঘটনাও ঘটেছে। বিরোধীরা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেও, জেলা পুলিশ প্রশাসন তা অস্বীকার করেছে।












Click it and Unblock the Notifications